প্রধানমন্ত্রী তারেক রহমান মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এ সময় মন্ত্রিপরিষদ সদস্যসহ দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চলতি বছরের ১ সেপ্টেম্বর তার প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছে। ১৯৭৮ সালের একই দিনে প্রতিষ্ঠিত দলটি এই বার দেশের রাজনীতিতে পা রাখছে ৪৮ তম বছরে। প্রায় দুই দশক পর রাষ্ট্রক্ষমতায় ফিরে নতুন রাজনৈতিক বাস্তবতায় দলটি এই বার্ষিকী উদযাপন করছে।
গত ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে বিএনপি। এরপর ১৭ ফেব্রুয়ারি দলটির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। এর মধ্য দিয়ে প্রায় দুই দশক পর রাষ্ট্রক্ষমতায় ফিরে দলটি। একই সঙ্গে দলটির দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের এক নতুন অধ্যায় শুরু হয়।
দায়িত্ব গ্রহণের পর এটিই দলটির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী। ফলে দলের অভ্যন্তরে ও বাইরে উৎসাহ ও আগ্রহের পরিমাণ উল্লেখযোগ্য। দীর্ঘ বিরোধী রাজনীতির পর ক্ষমতায় আসার এই সুযোগকে দলটি নিজদের রাজনৈতিক অঙ্গীকার বাস্তবায়নের সক্ষমতা প্রদর্শনের মাধ্যম হিসেবে দেখছে। নেতাকর্মীদের মধ্যে বিজয়ের আনন্দ এবং রাষ্ট্র পরিচালনার কঠিন বাস্তবতার সমন্বয়েই এবারের অনুষ্ঠানটি গড়া হচ্ছে।