ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. শাহজাহান কবিরের আদালত সোমবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তরের (এনএসআই) অতিরিক্ত পরিচালক এম এস কে শাহীন ও যুগ্ম পরিচালক বদরুল আহমেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জারি করেন।

দুদকের প্রসিকিউশন বিভাগের সহকারী পরিচালক আমিনুল ইসলাম মুক্তকণ্ঠকে বিষয়টি নিশ্চিত করেছেন। আদালতে দাখিল করা আবেদনে দুদকের সহকারী পরিচালক বিলকিস আক্তার উভয় কর্মকর্তার বিরুদ্ধে চলমান মামলার কথা তুলে ধরেন।

বদরুল আহমেদের বিরুদ্ধে মানি লন্ডারিংয়ের অভিযোগে তদন্ত চলমান রয়েছে। আবেদনে উল্লেখ করা হয়, বিশ্বস্ত সূত্রে জানা গেছে তিনি দেশত্যাগের চেষ্টা করছেন। তিনি বিদেশে পালিয়ে গেলে তাঁর মাধ্যমে লন্ডারিং করা অর্থ পুনরুদ্ধার করা দুরূপ হয়ে পড়বে।

অন্যদিকে এম এস কে শাহীনের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, ঘুষ, চাঁদাবাজি ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান করছে দুদক। আবেদনে বলা হয়, তিনিও দেশত্যাগের চেষ্টা করছেন। তিনি বিদেশে পালিয়ে গেলে তাঁর মাধ্যমে লন্ডারিং করা অর্থ পুনরুদ্ধার করা দুরূপ হয়ে পড়বে।