জামালপুর-ময়মনসিংহ মহাসড়কে সোমবার রাত আটটার দিকে রাজীব পরিবহনের একটি বাস ও বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও চারজন। দুর্ঘটনাটি ঘটেছে সদর উপজেলার লাহাড়িকান্দা এলাকায়।

নিহত ব্যক্তিরা হলেন জামালপুর সদর উপজেলার বাইটকামারী এলাকার মৃত ইউনুস আলীর ছেলে জালাল উদ্দিন (৬০), তুলসীপুর এলাকার মৃত আতাহার আলীর ছেলে মকবুল হোসেন (৬৫), জামালপুর শহরের বজ্রাপুর এলাকার বাসচালকের সহকারী রুবেল মিয়া (৪৩) ও বাইটকামারী এলাকার সাদ্দাম হোসেন (৩০)। আহত চারজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জামালপুর পৌর শহর থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া রাজীব পরিবহনের বাসটি লাহাড়িকান্দা এলাকায় পৌঁছানোর সময় বিপরীত দিক থেকে আসা অটোরিকশাকে ধাক্কা দেয়। পরে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি সড়কে উল্টে পড়ে অটোরিকশাটিকে চাপা দেয়। এতে অটোরিকশার দুইজন ও বাসের দুইজন ঘটনাস্থলেই মারা যান। আহত হন আরও চারজন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা বাসের নিচ থেকে চারজনের মরদেহ উদ্ধার করেন। পরে মরদেহগুলো জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

দুর্ঘটনার পর বাসটি সড়কে উল্টে থাকায় জামালপুর-ময়মনসিংহ মহাসড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে সড়কের দুই পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। রাত ১০টার দিকে সড়ক থেকে বাসটি সরানোর পর আবারও যান চলাচল শুরু হয়।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব বলেন, দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। আরও কয়েকজন আহত হয়েছেন। নিহত ব্যক্তিদের লাশ উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযোগ পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।