ঢাকা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের বৈঠকে ২০১৯ সালের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের সাধারণ সম্পাদক (জিএস) পদে মো. রাশেদ খাঁনকে নির্বাচিত ঘোষণা করা হয়েছে। গত ৩১ আগস্ট সোমবার অনুষ্ঠিত এই সভায় কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গোলাম রাব্বানীর ছাত্রত্ব বাতিলের প্রেক্ষিতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেটের এই সভায় সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম। ২০১৯ সালের নির্বাচনের ঠিক ৭ বছর ৫ মাস পর জিএস পদে রাশেদ খাঁনের নাম ঘোষণা করা হলো। বিষয়টি নিশ্চিত করেছেন সহ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক আব্দুস সালাম।
এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট শেয়ার করে মো. রাশেদ খাঁন জানান, "আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর এমফিলের ছাত্রত্ব বিশ্ববিদ্যালয় গঠিত তদন্ত কমিটি কর্তৃক অবৈধ প্রমাণিত হওয়ায় এবং সিন্ডিকেট কর্তৃক শোকজ নোটিশের উপযুক্ত জবাব দিতে না পারায় একাডেমিক কাউন্সিলের সভায় গোলাম রাব্বানীর ছাত্রত্ব বাতিল হওয়ার প্রেক্ষিতে ডাকসু পদ বাতিল করা হয়েছে এবং ২০১৯ সালের ডাকসু নির্বাচনে ২য় সর্বোচ্চ ভোট প্রাপ্ত মো. রাশেদ খাঁনকে জিএস ঘোষণা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট।"
উল্লেখ্য, ২০১৯ সালের ডাকসু নির্বাচনে জিএস পদে গোলাম রাব্বানী পেয়েছিলেন ১০ হাজার ৪৮৪ ভোট। অন্যদিকে মো. রাশেদ খাঁন পেয়েছিলেন ৬ হাজার ৬৩ ভোট। রাব্বানীর ছাত্রত্ব বাতিল হওয়ায় দ্বিতীয় স্থান অধিকারী রাশেদ খাঁনকে বর্তমান জিএস হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে।