ঝালকাঠির রাজাপুরে ৩০ হাজার টাকা চাঁদা দাবি করতে গিয়ে স্থানীয় সাবেক ছাত্রলীগ নেতা আমান তালুকদার যুবদল কর্মী সাইফুল ইসলামকে (৩৫) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। সোমবার (৩১ আগস্ট) রাতে রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন বিশ্বাস এই ঘটনা নিশ্চিত করেন।

জানা যায়, গত ২৯ আগস্ট রাতে গাজীরহাটে মোশাররফের দোকানে চা খাচ্ছিলেন ঢাকা মহানগর দক্ষিণের যুবদল কর্মী সাইফুল ইসলাম। এ সময় আমান তালুকদার সেখানে উপস্থিত হয়ে তার কাছে ৩০ হাজার টাকা দাবি করেন। কিসের টাকা জিজ্ঞেস করলে আমান বলেন, ‘ঢাকা থেকে আসছ, টাকা দিবা না?’ চাঁদা দিতে অস্বীকার করলে তাদের মধ্যে কথাকাটাকাটি হয়। পরবর্তীতে আমান ধারালো অস্ত্র বের করে সাইফুলের মাথা, বুক ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন বলে অভিযোগ করা হয়েছে।

হামলার পর আমান তালুকদার সাইফুলের পকেটের নগদ টাকা ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যান। স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। আহত সাইফুল উপজেলার পুটিয়াখালী গ্রামের আব্দুল লতিফ খানের ছেলে। অন্যদিকে, অভিযুক্ত আমান তালুকদার একই এলাকার আব্দুল ওয়াদুদ তালুকদারের ছেলে। তিনি গালুয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি এবং পুটিয়াখালী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের কম্পিউটার অপারেটর হিসেবে দায়িত্ব পালন করছেন।

অভিযোগ অস্বীকার করে আমান তালুকদার বলেন, আমি সাইফুলের কাছে ৫০০ টাকা পেতাম। ওই টাকা চাওয়াকে কেন্দ্র করে কথা-কাটাকাটি হয়। সাইফুলের কাছে থাকা চাকুতেই সে নিজে আহত হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন বিশ্বাস বলেন, ঘটনার পর আহতের স্বজনদের সঙ্গে কথা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বিষয়টি তদন্ত করে দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।