চট্টগ্রামের রাউজান উপজেলায় সড়কের পাশে রাখা একটি পিকআপ ভ্যানে আগুন লাগার ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। গত শুক্রবার গভীর রাতে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কুণ্ডেশ্বরী এলাকায় এই ঘটনা ঘটে। এর আগে গত মঙ্গলবার একই উপজেলার গহিরা এলাকায় একটি ড্রাম ট্রাকে আগুন দেওয়ার ঘটনা ঘটে। দুই দিনের ব্যবধানে দুটি যানবাহনে আগুন লাগায় এলাকায় উত্তেজনা ও ভয়ের সৃষ্টি হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কুণ্ডেশ্বরী এলাকার স্থানীয় বাসিন্দা টিপু দাশের পিকআপ ভ্যানটি সাধারণত বাড়ির ভেতরে রাখা হতো। তবে শুক্রবার রাতে তিনি গাড়িটি চট্টগ্রাম-রাঙামাটি সড়কের পাশে রেখে বাড়িতে ফিরেন। পরে গভীর রাতে অজ্ঞাত দুর্বৃত্তরা গাড়িটিতে আগুন দিয়ে পালিয়ে যায়। ভোরে স্থানীয় লোকজন পুড়ে যাওয়া গাড়িটি দেখতে পায়। কে বা কারা এই কাজ করেছে, তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি।
ঘটনার পরপরই পুড়ে যাওয়া গাড়িটি পরিদর্শন করেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহসভাপতি সাবের সুলতানসহ স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতারা। তারা এই ঘটনার জন্য নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের দায়ী করেন।
সাবের সুলতান মুক্তকণ্ঠকে বলেন, "এলাকায় অস্থিরতা ও আতঙ্ক তৈরির জন্য নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা এসব করছে। তাঁরা এসব প্রতিরোধ করবেন। মানুষের জানমাল রক্ষায় প্রশাসনকে আরও সজাগ থাকতে হবে।"
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তথ্য-উপাত্ত সংগ্রহ করেছে এবং জড়িত ব্যক্তিদের চিহ্নিত করার চেষ্টা চলছে। তিনি উল্লেখ করেন, এর দুদিন আগেও গহিরা এলাকায় একটি ট্রাকে আগুন দেওয়ার ঘটনা ঘটেছিল। তবে কোনো ঘটনায় এখন পর্যন্ত কেউ মামলা বা অভিযোগ করেনি। ওসি সাইফুল ইসলাম আরও বলেন, "অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"