বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, ফ্যাসিস্ট সরকারের আমলে যারা অন্যায় নির্দেশ পালন করেছেন, তাদের চরিত্র পরিবর্তন করতে হবে। তিনি বলেন, 'ফ্যাসিবাদের দোসররা যদি নিজেদের চরিত্র না বদলায়, তবে তাদের আর চাকরি করার প্রয়োজন নেই।' সোমবার (৩১ আগস্ট) ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সুশাসন নিশ্চিতকরণ বিষয়ে এক সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, জনগণের প্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তারা একসঙ্গে কাজ করলে তবেই উন্নয়ন সম্ভব। অতীতের ভুল পেছনে ফেলে নতুন করে কাজ শুরু করতে হবে। বিগত ২০ বছরের ক্ষতি পূরণে আগামী ৫ বছরে কাজ করার আহ্বান জানান তিনি।
সভায় মাদক, জুয়া ও ধর্ষণের বিরুদ্ধে সরকারের 'জিরো টলারেন্স' নীতি তুলে ধরে মন্ত্রী বলেন, মাদকের বিস্তার রোধে প্রয়োজনে কঠোর আইন প্রয়োগ করা হবে। তিনি জানান, আজ বিকেলে মন্ত্রিসভার বৈঠকে আইনমন্ত্রীর সঙ্গে এ বিষয়ে কথা বলবেন।
উন্নয়ন প্রসঙ্গে বিমানমন্ত্রী বলেন, ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পিপিপি (পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ) মডেলে প্রশস্তকরণ, শম্ভুগঞ্জ বাজারের সার গুদাম মেরামত, বিভাগীয় শহরের রাস্তা সম্প্রসারণ এবং ময়মনসিংহে ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের চিকিৎসাসেবার মান বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আরও জানান, এ বছরের মধ্যেই সরকার স্বল্প খরচে ৩ লাখ যুবকের বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করবে। অসচ্ছল পরিবারের ১০ হাজার যুবককে সম্পূর্ণ বিনামূল্যে বিদেশে পাঠানো হবে।
সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ জেলা প্রশাসক মো. সাইফুর রহমান। এতে ময়মনসিংহ বিভাগের বিভিন্ন আসনের সংসদ সদস্য এবং জেলার ঊর্ধ্বতন প্রশাসনিক ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বক্তব্য দেন ময়মনসিংহ-৪ (সদর) আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ, ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসনের সংসদ সদস্য জাকির হোসেন, ময়মনসিংহ-৬ (ফুলবাড়িয়া) আসনের সংসদ সদস্য কামরুল হাসান, ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনের সংসদ সদস্য লুৎফুল্লাহেল মাজেদ, ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনের সংসদ সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান এবং ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক মো. রুকুনুজ্জামান রোকন প্রমুখ।