ভোলা সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের মুসাকান্দি গ্রামের আ. রশিদের ছেলে মো. বশিরকে স্ত্রীকে হত্যা ও লাশ পোড়ানোর অপরাধে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (৩১ আগস্ট) ভোলার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২-এর বিচারক মো. এনায়েত উল্লাহ এই রায় ঘোষণা করেন।

আদালত ও মামলার এজাহার সূত্রে জানা যায়, আসামি বশির ২০০৫ সালের ৫ ফেব্রুয়ারি দিবাগত রাতের যেকোনো সময় নিজ বসতঘরে স্ত্রী বিলকিসকে হত্যা করেন। পরবর্তীতে ঘটনার সন্ধান এড়াতে তিনি মরদেহে আগুন ধরিয়ে দেন। এতে বিলকিসের মুখ, গলা, ঘাড়, বক্ষ ও পাঁজরের বিভিন্ন অংশ পুড়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগীর চাচা বাদী হয়ে ভোলা সদর থানায় হত্যা মামলাটি দায়ের করেন।

স্ত্রীর মৃত্যু নিশ্চিত করার পর বশির দুই সন্তান খাদিজা খাতুন ও মো. ইমরানকে বাড়িতে ফেলে রেখে পালিয়ে যান। দীর্ঘ ২১ বছর পলাতক অবস্থানে থাকার পর ২০২৫ সালে তিনি আদালতে আত্মসমর্পণ করেন। রাষ্ট্রপক্ষ প্রয়োজনীয় সাক্ষ্য-প্রমাণ দিয়ে আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হওয়ায় আদালত তাকে মৃত্যুদণ্ডের আদেশ দেন.