ভোলার ইলিশা লঞ্চঘাটসংলগ্ন মেঘনা নদীতে প্রবল ঢেউয়ের কবলে পড়ে একটি ছোট মাছ ধরার নৌকা ডুবে গেছে। এ সময় নৌকায় থাকা দুই জেলেকে কোস্টগার্ডের উদ্ধারকারী দল জীবিত উদ্ধার করেছে। প্রাথমিক চিকিৎসা ও খাবার প্রদান শেষে ডুবে যাওয়া নৌকাসহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) বেলা ১১টার দিকে ভোলা সদর উপজেলার ইলিশা লঞ্চঘাটসংলগ্ন মেঘনা নদীতে এ দুর্ঘটনা ঘটে। উদ্ধারকৃত ব্যক্তিরা হলেন—ভোলা সদর উপজেলার কন্দকপুর গ্রামের মো. মোতাহার গোল্দারের ছেলে মো. আলমগীর গোল্দার (৪৫) এবং তার ছেলে মো. মিজানুর রহমান (১৩)।

কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সোমবার সকালে প্রবল ঢেউয়ের কারণে মেঘনা নদীতে ছোট নৌকাটি ডুবে যায়। খবর পেয়ে কোস্টগার্ড স্টেশন ইলিশার উদ্ধারকারী দল তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে দুই জেলেকে জীবিত উদ্ধার করা হয়। কোস্টগার্ড সদস্যরা তাদের প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় খাবার দেন। পরবর্তীতে ডুবে যাওয়া নৌকাটি উদ্ধার করে দুই জেলেসহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন আরও জানান, নদীতে যেকোনো জরুরি পরিস্থিতিতে মানুষের জানমাল রক্ষায় কোস্টগার্ডের উদ্ধার কার্যক্রম অব্যাহত থাকবে। ভবিষ্যতেও এ ধরনের তৎপরতা বজায় থাকবে।