চট্টগ্রামের পটিয়া উপজেলার কচুয়াই ইউনিয়নে এক সপ্তাহের ব্যবধানে দুটি ডাকাতির ঘটনা ঘটেছে। সর্বশেষ রোববার (৩০ আগস্ট) দিবাগত রাত আড়াইটার দিকে পুলিশ পরিচয়ে এক প্রবাসীর বাড়িতে ডাকাতি হয়। ডাকাতরা নগদ টাকা ও পাঁচ ভরি স্বর্ণালংকার লুট করে। এ সময় প্রমাণ মুছে ফেলতে তারা সিসিটিভি ক্যামেরা ভাঙচুর করে হার্ডডিস্ক নিয়ে যায়।

ভুক্তভোগীদের বিবরণ অনুযায়ী, রাত আড়াইটার দিকে ৪-৫ জনের একটি দল পুলিশ পরিচয় দিয়ে ঘরে প্রবেশ করে। তারা পরিবারের সদস্যদের জিম্মি করে এবং গলায় ছুরি ধরে আলমারি খুলে স্বর্ণ ও টাকা লুট করে। পরে পার্শ্ববর্তী আরেকটি ঘরেও একই কায়দায় লুটপাট চালায়। চলে যাওয়ার সময় সিসিটিভি ক্যামেরা ভেঙে হার্ডডিস্ক নিয়ে যায়।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, "প্রবাসীর বাড়িতে ডাকাতির বিষয়টি পুলিশ জানতে পেরেছে; তবে ভুক্তভোগীদের পক্ষ থেকে এখনও কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"

তিনি আরও বলেন, "ডাকাত দলটি ঘটনার আগেই বাড়িটি রেকি করেছিল বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি টের পেয়েও পরিবারের সদস্যরা পুলিশকে জানাননি, এমনকি ঘটনার ১২ ঘণ্টা পার হওয়ার পরও পুলিশের সঙ্গে কোনো যোগাযোগ করেননি।"

এর আগে গত বুধবার (২৬ আগস্ট) একই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের চক্রশালা গ্রামের সাবেক ইউপি সদস্য প্রবীর ভট্টাচার্যের বাড়িতে আরেকটি ডাকাতি হয়। সেদিন ৭-৮ জনের মুখোশধারী সশস্ত্র ডাকাত দল ঘরে ঢুকে সাড়ে ৭ লাখ টাকা ও ৬ ভরি স্বর্ণালংকার লুট করে। বাধা দিতে গেলে অবসরপ্রাপ্ত পুলিশ সাব-ইন্সপেক্টর বাবুল ভট্টাচার্যকে হাত-পা বেঁধে লোহার রড দিয়ে পিটিয়ে আহত করে।

ওসি জিয়াউল হক জানান, "সাবেক ইউপি সদস্যের বাড়িতে ডাকাতির ঘটনায় ইতিমধ্যে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।"