ঢাকা বিশ্ববিদ্যালয় হল সংসদ নির্বাচনে ছাত্রদল মনোনীত প্রার্থী ও সাবেক ছাত্রদল নেতা নূরে আলম সিদ্দিকী জুয়েল তাঁর বড় ভাইয়ের জটিল কিডনি রোগের চিকিৎসায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সরাসরি হস্তক্ষেপ কামনা করেছেন।

পারিবারিক সূত্র জানিয়েছে, স্বাস্থ্য বিভাগের মাঠপর্যায়ের কর্মী মো. মাসুদুর রহমান গত প্রায় এক মাস ধরে গুরুতর কিডনি রোগে আক্রান্ত হয়ে শয্যাশায়ী আছেন। বর্তমানে সপ্তাহে তিনবার ডায়ালাইসিসের প্রয়োজন হচ্ছে তাঁর। চিকিৎসকদের মতে, দীর্ঘমেয়াদি সুস্থতা ও জীবনের ঝুঁকি এড়াতে এখন কিডনি প্রতিস্থাপন অপরিহার্য।

অসুস্থ ভাইয়ের ব্যয়বহুল চিকিৎসা ও প্রতিদিনের অনিশ্চয়তায় পরিবারটি গভীর উদ্বেগ ও উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে। জুয়েল জানান, দলের দুঃসময়ে তিনি রাজপথে সক্রিয় ছিলেন এবং রাজনৈতিক প্রতিপক্ষের হিংস্রতার শিকার হয়ে একাধিকবার শারীরিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি বিপুল ভোটে জয়ী হয়ে ক্ষমতায় আসার পরও তিনি ব্যক্তিগত কোনো সুবিধা বা পদের জন্য দলের দ্বারে যাননি।

তবে আজ পারিবারিক এই কষ্টকর সময়ে নিজের দল ও সরকারপ্রধানকে মানবিক দৃষ্টিকোণ থেকে পাশে পেতে চান তিনি। দেশবাসী ও শুভাকাঙ্ক্ষীদের কাছে তিনি অসুস্থ ভাইয়ের দ্রুত সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।