দীর্ঘ প্রতীক্ষার পর সরকারি কর্মচারীদের জন্য এলো বছরের সবচেয়ে বড় সুখবর। সোমবার (৩১ আগস্ট) সচিবালয়ের নতুন এক নম্বর ভবনের মন্ত্রিসভা কক্ষে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত বিশেষ মন্ত্রিসভা বৈঠকে সর্বসম্মতিক্রমে অনুমোদন পেয়েছে বহুল প্রতীক্ষিত ৯ম জাতীয় বেতন স্কেল।
নতুন বেতন কাঠামো চলতি বছরের ১ জুলাই থেকে কার্যকর হবে। তবে সরকারি বাজেটের ভারসাম্য রক্ষায় এই সুবিধা ধাপে ধাপে বকেয়াসহ পরিশোধ করা হবে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ৮ম পে-স্কেল অনুযায়ী প্রথম গ্রেডের সর্বোচ্চ মূল বেতন ছিল ৭৮ হাজার টাকা এবং ২০তম গ্রেডের সর্বনিম্ন মূল বেতন ছিল ৮ হাজার ২৫০ টাকা। নতুন ৯ম পে-স্কেলে প্রথম থেকে ২০তম গ্রেড পর্যন্ত কর্মচারীদের গড় মূল বেতন ১০০ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে।
এখন সরকারি কর্মচারীরা প্রজ্ঞাপন প্রকাশের অপেক্ষায় রয়েছেন। অর্থ মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, অনুমোদনের পর নতুন বেতন কাঠামোর সরকারি গেজেট ও প্রজ্ঞাপন জারির প্রক্রিয়া দ্রুত শুরু হয়েছে। আগামী এক থেকে দুই সপ্তাহের মধ্যেই প্রজ্ঞাপন জারি হতে পারে।
প্রসঙ্গত, ৮ম পে কমিশন গঠনের প্রায় এক দশক পর অন্তর্বর্তী সরকার ২০২৫ সালের ২৭ জুলাই ২৩ সদস্যের ৯ম জাতীয় পে কমিশন গঠন করে। সাবেক অর্থসচিব ড. জাকির আহমেদ খানের নেতৃত্বাধীন এই কমিশন চলতি বছরের ২১ জানুয়ারি তৎকালীন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দেয়। বাস্তবায়ন তদারকির জন্য ২১ এপ্রিল ১০ সদস্যের একটি কমিটি গঠন করা হয়, যার প্রধান করা হয় মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণিকে।