ময়মনসিংহে এক অটোরিকশাচালক হত্যা মামলায় একজনকে ফাঁসি ও দুইজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (৩১ আগস্ট) ময়মনসিংহের বিশেষ দায়রা জজ ফারহানা ফেরদৌস এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন— পলাশ (২৯), তোফায়েল আহমেদ নাসিম (২৩) ও শাকিল (২৪)। তাঁদের মধ্যে পলাশকে ফাঁসি এবং বাকি দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে পলাশকে ৩০ হাজার টাকা এবং নাসিম ও শাকিলকে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়। তাঁরা সবাই ময়মনসিংহ সদর উপজেলার মধ্যবাড়েরা এলাকার বাসিন্দা।

আদালত সূত্রে জানা যায়, ২০২৪ সালের ১৬ জানুয়ারি রাতে অটোরিকশাচালক মো. নাজিম উদ্দিনকে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে রাস্তায় ফেলে রেখে যায় আসামিরা। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের ছোট ভাই নাছির উদ্দিন কোতোয়ালি মডেল থানায় মামলা করেন। তদন্ত শেষে পুলিশ আদালতে চার্জশিট দাখিল করে। মামলায় ১৪ জন সাক্ষী সাক্ষ্য দেন। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন কৌঁসুলি (পিপি) আকরাম হোসেন এবং আসামিপক্ষে ছিলেন আইনজীবী এএইচএম খালেকুজ্জামান ও আবু হানিফ খান।