দীর্ঘ ১২ বছর পর কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ছাত্রদলের কমিটি ঘোষণার পরপরই পদবঞ্চিত নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দেয়। কমিটি গঠন প্রক্রিয়া নিয়ে বিরোধের জেরে সোমবার দুপুরে কলেজ ক্যাম্পাসে দুপক্ষের সংঘর্ষ বেধে যায়। এতে অন্তত কয়েকজন নেতাকর্মী আহত হন।

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ডিগ্রি শাখা ক্যাম্পাসে সোমবার (৩১ আগস্ট) দুপুরে এই সংঘর্ষের সূত্রপাত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছানো পুলিশের ধাওয়ায় দুপক্ষের কর্মীরা ছত্রভঙ্গ হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

এর আগে রোববার (৩০ আগস্ট) রাতে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে ওমর ফারুক মানিককে সভাপতি এবং ফাতিন ইশরাক মোল্লাকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়। আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ তালিকা জমা দেওয়ার নির্দেশনাও ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ থাকে।

তবে দীর্ঘদিন পর ঘোষিত এই কমিটিতে ত্যাগী ও আন্দোলনের রাজপথের কর্মীদের অবমূল্যায়ন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। রোববার রাত থেকেই পদবঞ্চিতরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল শুরু করেন। তারা দাবি করেন, বিগত আন্দোলনের চরম দুর্দিনে যারা সক্রিয় ছিলেন, তাদের বাদ দিয়ে এই পকেট কমিটি করা হয়েছে।

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক ধীমান বলেন, দীর্ঘ ১২ বছর পর কমিটি ঘোষণা হলেও ত্যাগী ও রাজপথের পরীক্ষিত নেতাদের নেতৃত্ব থেকে বঞ্চিত করা হয়েছে। বিষয়টি সংগঠনের জন্য হতাশাজনক।

অন্যদিকে, পদবঞ্চিত ছাত্রদল নেতা মাইন উদ্দিন বলেন, স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলনে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ছাত্রদলের নেতাকর্মীদের নিয়ে প্রতিটি আন্দোলন-সংগ্রামে অংশ নিয়েছি। আজ কমিটি গঠন করা হয়েছে, কিন্তু আমাদের নাম নেই। দ্রুত ঘোষিত কমিটি বাতিল করে নতুন কমিটি গঠন করতে হবে।

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুপক্ষকে ধাওয়া করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।