স্থাপত্যশিল্পীদের উৎসাহিত করতে আবারও আয়োজন করা হচ্ছে 'বার্জার অ্যাওয়ার্ড ফর এক্সিলেন্স ইন আর্কিটেকচার–২০২৬'। বহুজাতিক প্রতিষ্ঠান বার্জার পেইন্টস বাংলাদেশ এবং ইনস্টিটিউট অব আর্কিটেক্টস বাংলাদেশ (আইএবি) যৌথভাবে এই সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করছে।

গত শনিবার রাজধানীর আগারগাঁওয়ে আইএবি সেন্টারে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এবারের আসরের ঘোষণা দেওয়া হয়। বার্জার থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। সংবাদ সম্মেলনে অ্যাওয়ার্ড পরিচালক স্থপতি মৌসুমী আহমেদ প্রতিযোগিতার নিয়মাবলি এবং জুরি বোর্ডের সদস্যদের পরিচয় তুলে ধরেন।

এবারের আসরে মোট ৭টি প্রকল্প পুরস্কৃত হবে। প্রতিটি বিজয়ী প্রকল্প ২ লাখ টাকা করে পুরস্কার পাবে। এছাড়া সম্মাননাপ্রাপ্ত প্রকল্পগুলোর জন্য ৫০ হাজার টাকা এবং সাথে ট্রফি ও সনদপত্র বরাদ্দ করা হয়েছে। প্রতিযোগিতার জন্য মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ১৭ সেপ্টেম্বর এবং চূড়ান্ত প্রকল্প জমা দেওয়ার শেষ সময় ২৯ অক্টোবর।

সংবাদ সম্মেলনে আইএবির সভাপতি স্থপতি অধ্যাপক আবু সাঈদ এম আহমেদ, বার্জার পেইন্টস বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক মহসিন হাবিব চৌধুরী, আইএবির সহসভাপতি নওয়াজীশ মাহবুব ও মাহফুজুল হক জগলুলসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।