দেশে বোতলজাত সয়াবিন তেলের দাম প্রতি লিটারে পাঁচ টাকা বাড়িয়ে নতুন হারে নির্ধারণ করা হলেও বাজারে এর কোনো প্রভাব এখনো পড়েনি। বুধবার (০২ সেপ্টেম্বর) রাজধানীর বেশ কয়েকটি বাজার পরিদর্শনে এমন তথ্য পাওয়া গেছে।

ব্যবসায়ীদের তথ্য অনুযায়ী, শিল্পখাতের ঘোষিত নতুন দামের তেল এখনো মজুত হিসেবে রয়েছে। এগুলো শেষ হলে এবং নতুন প্যাকেটজাত তেল বাজারে আসলে দামে পরিবর্তন আসবে। কারওয়ান বাজারের রূপচাঁদা তেলের এক ডিলার জানান, কোম্পানির পক্ষ থেকে ফোন করে দাম বাড়ার বিষয়টি জানানো হয়েছে। তবে নতুন দামের তেল এখনো তাদের দোকানে সরবরাহ করা হয়নি। ফলে বর্তমানে ডিলাররা আগের দামেই সয়াবিন তেল বিক্রি করছেন। ব্যবসায়ীদের দাবি, নতুন দামের পণ্য বাজারে আসার পরই বাড়তি দামে বিক্রি শুরু হবে।

এর আগে বুধবার বাণিজ্য মন্ত্রণালয়ে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়শেনের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে নতুন সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়। আন্তর্জাতিক পর্যায়ে বর্তমান বাজার পরিস্থিতি, আমদানি ব্যয় এবং দেশে ভোজ্যতেলের বর্তমান মূল্য পরিস্থিতি নিয়ে আলোচনা শেষে এই দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবার প্রতি লিটারে ৫ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নতুন দাম অনুযায়ী, প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল বিক্রি হবে ২০৪ টাকায়, যা আগে ছিল ১৯৯ টাকা। তবে পাম অয়েলের দাম অপরিবর্তিত রাখা হয়েছে।