ফেনী সদর থানা এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অভিযান চালিয়ে ২১ দশমিক ৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব-৭। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য ২ লাখ ১৫ হাজার টাকা। লবণ ও আলু পরিবহনের আড়ালে তারা দীর্ঘদিন ধরে মাদক পাচার করে আসছিল বলে জানা গেছে।

রোববার (৩০ আগস্ট) বিকেলে ফেনী সদর থানাধীন পশ্চিম রামপুর এলাকায় জেলা পুলিশ অফিসার্স মেসের সামনে ঢাকামুখী রাস্তায় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তাদের আটক করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন— মাগুরা সদর থানার পশ্চিম রামনগর এলাকার মো. রাজ্জাক মোল্লার ছেলে ট্রাকচালক মোঃ সিয়াম হোসেন (২৪) এবং একই এলাকার মৃত করিমের ছেলে হেলপার সাব্বির (১৯)।

র‍্যাব সূত্রে জানা গেছে, চট্টগ্রাম জেলার বোয়ালখালী থেকে একটি কার্গো ট্রাকে মাদকদ্রব্য নিয়ে ঝিনাইদহ জেলার উদ্দেশ্যে যাওয়া হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে ৩০ আগস্ট বিকেল সাড়ে ৩টার দিকে র‍্যাব-৭-এর ফেনী ক্যাম্পের একটি অভিযানিক দল ওই এলাকায় চেকপোস্ট বসায়। সন্দেহভাজন কার্গো ট্রাকটি চেকপোস্টের কাছাকাছি পৌঁছালে সেটি থামানোর সংকেত দেওয়া হয়। এসময় চালক সিয়াম ও হেলপার সাব্বির তড়িঘড়ি করে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাদের আটক করা হয়।

পরবর্তীতে কার্গো ট্রাকটি তল্লাশি করে পেছনের অংশে রক্ষিত তিনটি আলু ভর্তি বস্তার ভেতর থেকে ৪৩টি রোলে মোড়ানো ২১ দশমিক ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। মাদকদ্রব্যের পাশাপাশি মাদক পরিবহনে ব্যবহৃত কার্গো ট্রাকটিসহ তাতে থাকা ১৩ হাজার কেজি কনফিডেন্স লবণ এবং ১৫০ কেজি আলু জব্দ করা হয়েছে।

ফেনী র‍্যাব ক্যাম্পের অধিনায়ক মিজানুর রহমান বলেন, "গ্রেপ্তারকৃত আসামি ও জব্দকৃত মালামাল পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফেনী জেলার ফেনী সদর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। পুলিশ এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।"