কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় এক স্কুলছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে মাহাবুর রহমান নামে এক যুবককে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৩১ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে নাগেশ্বরী ডিএম একাডেমি উচ্চ বিদ্যালয়ে এই আদালত অনুষ্ঠিত হয়। আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বদরুজ্জামান রিশাদ।

নাগেশ্বরী ডিএম একাডেমি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কে এম আনিছুর রহমান জানান, সোমবার সকাল পৌনে ১০টার দিকে ওই ছাত্রী বাড়ি থেকে বিদ্যালয়ে যাওয়ার পথে কাজী মার্কেটের আজিজ সুপার মার্কেটের সামনে মাহাবুর তাকে শ্লীলতাহানি করেন। বিষয়টি লক্ষ্য করে আশপাশের স্থানীয়রা মাহাবুরকে আটক করে বেঁধে রাখেন এবং পুলিশকে খবর দেন।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মাহাবুরকে আটক করে নাগেশ্বরী ডিএম একাডেমি উচ্চ বিদ্যালয়ে নিয়ে আসে। সেখানেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে এক মাসের কারাদণ্ড প্রদান করা হয়।