লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে ফেলে যাওয়া পলিথিন থেকে একটি বিদেশি পিস্তল, এক রাউন্ড গুলি ও এক কেজি ক্রিস্টাল মেথ (আইস) উদ্ধার করেছে। উদ্ধার করা অস্ত্র ও মাদকের আনুমানিক সিজার মূল্য ৫ কোটি ১ লাখ ২০০ টাকা।

শনিবার (৩ অক্টোবর) দুপুরে ১৫ বিজিবির কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে ভোরে কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানার পূর্ব রামখানা আশকোন নগর এলাকায় অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয়। পরে দুপুরে উদ্ধার করা অস্ত্র ও মাদক নাগেশ্বরী থানায় হস্তান্তর করে বিজিবি।

বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত এলাকা দিয়ে অবৈধ অস্ত্র ও মাদক পাচার হতে পারে—এমন গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত আড়াইটায় ১৫ বিজিবির কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমামের নেতৃত্বে একটি বিশেষ টহল দল রামখানা বিওপির আওতাধীন বিভিন্ন পয়েন্টে অভিযান পরিচালনা করে। একপর্যায়ে কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানার পূর্ব রামখানা আশকোন নগর এলাকায় অভিযান চালায় বিজিবি। টহল দলের উপস্থিতি টের পেয়ে ভারতের দিক থেকে আসা চোরাকারবারিরা মালামাল ফেলে দৌড়ে সীমান্তের দিকে চলে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে পলিথিনে মোড়ানো একটি পিস্তল, এক রাউন্ড গুলি ও এক কেজি ক্রিস্টাল মেথ আইস জব্দ করা হয়।

উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদ নাগেশ্বরী থানায় হস্তান্তর করা হয়েছে। জব্দ করা ক্রিস্টাল মেথ আইসের সত্যতা যাচাই ও পরীক্ষার জন্য নমুনা ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত চোরাকারবারিদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

এ বিষয়ে ১৫ বিজিবির কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম জানান, "দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বদা দৃঢ়প্রতিজ্ঞ। দীর্ঘদিনের গোয়েন্দা নজরদারির ধারাবাহিকতায় এই অভিযান পরিচালনা করা হয়েছে। উদ্ধারকৃত ক্রিস্টাল মেথ আইসটি পরীক্ষা-নিরীক্ষার পর বিস্তারিত জানা যাবে। সীমান্ত দিয়ে অবৈধ অস্ত্র ও মাদকের চোরাচালান বন্ধে বিজিবির এই কঠোর তৎপরতা ও জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে।"