দেশের বাজারে সোনার দাম আবারও কমেছে। আজ সোমবার সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে সোনার দাম কমায় দেশে দাম সমন্বয় করা হয়েছে। এতে ভরিপ্রতি সর্বোচ্চ ৪ হাজার ৪৭৪ টাকা কমেছে।
বাজুসের ঘোষণা অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৪ হাজার ৩৭৪ টাকা কমে ২ লাখ ৩৬ হাজার ২৫৪ টাকা হয়েছে। ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৪ হাজার ১৪১ টাকা কমে ২ লাখ ২৫ হাজার ৬৪০ টাকা নির্ধারণ করা হয়েছে। ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৩ হাজার ৬১৬ টাকা কমে ১ লাখ ৯৩ হাজার ৭৩৯ টাকা হয়েছে। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ২ হাজার ৯১৬ টাকা কমে ১ লাখ ৫৮ হাজার ২৮০ টাকা ঠিক করা হয়েছে।
এদিকে রুপার গয়নার দামও কমেছে। ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ১৭৫ টাকা কমিয়ে ৫ হাজার ১৩২ টাকা নির্ধারণ করা হয়েছে।
উল্লেখ্য, এর আগে গত শনিবার সোনার দাম ভরিপ্রতি ৭ হাজার ১১৫ টাকা কমানো হয়েছিল। তার আগে ২০, ২২ ও ২৫ আগস্ট তিন দফায় সোনার দাম মোট ১০ হাজার ৯৬৪ টাকা বাড়ানো হয়েছিল। আজকের সমন্বয়ের পর দুই দফায় সোনার দাম ভরিপ্রতি সর্বোচ্চ ১১ হাজার ৪৮৯ টাকা কমল।