নারায়ণগঞ্জ শহরের একটি ভূগর্ভস্থ ছাপাখানা থেকে নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক সংগঠনের প্রচারসামগ্রী উদ্ধার করে পুলিশ। রোববার (৩০ আগস্ট) দুপুরে এস এম মালেহ রোডের রিভারভিউ কমপ্লেক্সের ওই স্থানে অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়।
অভিযানকালে শেখ মুজিবুর রহমানের ছবি ও বিভিন্ন রাজনৈতিক স্লোগানসহ ৭০টি কালো গোলগলা টি-শার্ট, ৪০টি লেমিনেটেড স্টিকার এবং স্টিকারবিহীন ১০টি কালো টি-শার্ট জব্দ করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন—নিতাইগঞ্জ এলাকার শিহাব আহম্মেদ আরাফাত (২৮), বি কে রোডের মো. জিহাদ হোসেন ওরফে আলিফ (১৯), দেওভোগ পাক্কা রোডের মো. সামির হোসেন খান (২৬) এবং রিভারভিউ মার্কেটের ভূগর্ভস্থ জিএম ট্রেডার্সের মালিক মো. রাকিবুল হাসান (৩২)।
পুলিশ সূত্র জানায়, প্রাথমিক তদন্তে দেখা গেছে, গ্রেপ্তারকৃতরা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, আওয়ামী লীগ ও সংশ্লিষ্ট অঙ্গসংগঠনের কর্মকাণ্ড নিয়ে আলোচনা ও প্রচারে সহযোগিতা করছিলেন। ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়া আরও কয়েকজন ব্যক্তিকে ধরতে পুলিশের দল পাঠানো হয়েছে।
নারায়ণগঞ্জ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বলেন, "এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং জব্দ করা হয়েছে বিভিন্ন আলামত। পালিয়ে যাওয়া ব্যক্তিদের গ্রেপ্তার ও ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে অভিযান এবং তদন্ত অব্যাহত রয়েছে। এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে।"
এ ঘটনায় নারায়ণগঞ্জ সদর মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে। জব্দকৃত মালামাল যথাযথ জব্দতালিকা অনুযায়ী সংরক্ষণ করা হয়েছে।