ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় গোপন বৈঠক করার অভিযোগে যুব মহিলা লীগের চার নেত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। থানা সূত্রে জানা যায়, এলাকায় অরাজকতা সৃষ্টি ও সন্ত্রাসী কার্যক্রম চালানোর উদ্দেশ্যে তারা এই গোপন সভার আয়োজন করেছিলেন বলে দাবি করছে পুলিশ।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদুল ইসলাম গ্রেপ্তার হওয়া চার নারীর বিষয়টি নিশ্চিত করেন। এর আগে বৃহস্পতিবার বিকেলে পৌরসভার রাধানগর (কলেজপাড়া) এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—আখাউড়া উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক প্রার্থী ফাতেমা বেগম (৪০), সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুব মহিলা লীগের সভাপতি প্রার্থী মোছা. রোকসানা আক্তার (৪২), আখাউড়া পৌরসভার ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর রেখা খানম (৪২) এবং আখাউড়া যুব মহিলা লীগের সক্রিয় সদস্য নাজমা বেগম (৩৬)।

পুলিশ সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে আখাউড়া পৌরসভার রাধানগর (কলেজপাড়া) এলাকায় কয়েকজন নারী গোপন বৈঠকে বসেছেন—এমন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান পরিচালনা করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে বৈঠকে থাকা অন্যান্যরা সরে গেলেও চার নেত্রীকে আটক করা সম্ভব হয়।

আখাউড়া থানা পুলিশের ভাষ্য, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সঙ্গে সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। এছাড়া থানা এলাকায় অরাজকতা সৃষ্টি এবং সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার উদ্দেশ্যেই ওই বৈঠকের আয়োজন করা হয়েছিল বলে দাবি পুলিশের। পরে তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা রুজু করা হয়।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদুল ইসলাম বলেন, "গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই চার নারীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা রুজু করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।"

মামলাটির পর আইনি প্রক্রিয়া সম্পন্ন করে গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হবে বলে জানান ওসি।