ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) দাবি করেছে, জর্ডানে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালানো হয়েছে। রোববার দিবাগত রাতে এ হামলা চালানো হয় বলে জানানো হয়েছে। লারাক দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলার জবাবে এই হামলা বলে দাবি করা হচ্ছে।

জর্ডানের সামরিক বাহিনী জানিয়েছে, দেশটির আকাশসীমায় প্রবেশ করা আটটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে। আইআরজিসির বিবৃতিতে বলা হয়েছে, ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে জর্ডানের কিং হোসেন ও আল-আজরাক ঘাঁটিতে আঘাত করা হয়েছে। এই অভিযানকে ‘আগ্রাসী শক্তির জন্য শাস্তি’ হিসেবে আখ্যায়িত করা হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, হামলায় শত্রুপক্ষের প্রযুক্তিগত ও কারিগরি অবকাঠামো এবং যুদ্ধবিমান মোতায়েনের স্থাপনা ধ্বংস হয়ে গেছে এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

আইআরজিসি আরও বলেছে, “হরমুজ প্রণালিতে ইসলামিক রিপাবলিকের (ইরান) নিয়ন্ত্রণ দুর্বল করার চেষ্টায় শত্রুদের যে হতাশা তৈরি হয়েছে, আগ্রাসন ও অপরাধ চালিয়ে তা সমাধান হবে না। প্রতিটি হামলার বিপরীতে আরও বেশি বিধ্বংসী জবাব দেওয়া হবে।”

এর আগে রোববার হরমুজ প্রণালির কাছে লারাক দ্বীপে হামলা চালায় যুক্তরাষ্ট্র। এক মাসেরও বেশি সময়ের মধ্যে ইরানে এটিই প্রথম মার্কিন হামলা। মার্কিন এক কর্মকর্তার বরাত দিয়ে সিএনএন জানিয়েছে, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে রকেটের সাহায্যে মাইন স্থাপনের প্রস্তুতি নেওয়ার সময় লারাক দ্বীপে হামলা চালানো হয়। মার্কিন বাহিনী দ্বীপটিতে থাকা ইরানের দুটি লঞ্চার লক্ষ্য করে হামলা চালায়। এ হামলায় সেনা ও বেসামরিক লোকজন হতাহত হয়েছে জানিয়ে এর জবাব দেওয়ার ঘোষণা দিয়েছিল আইআরজিসি।