মক্কা প্রতিরক্ষা চুক্তির আওতায় গঠিত নতুন জোটের প্রথম মন্ত্রী পর্যায়ের বৈঠক সোমবার তুরস্কে অনুষ্ঠিত হবে। তুরস্কের কূটনৈতিক সূত্রগুলো রোববার বিষয়টি নিশ্চিত করেছে। বৈঠকে সৌদি আরব ও পাকিস্তানসহ তিন দেশের প্রতিনিধিবৃন্দ অংশ নেবেন।
চলতি মাসের শুরুতে তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তান ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’ স্বাক্ষর করে। চুক্তির শর্ত অনুযায়ী, সদস্য রাষ্ট্রগুলোর কোনো একটি আক্রান্ত হলে বাকি দুই দেশ যৌথভাবে সৈন্য ও সামরিক সহায়তা প্রদান করবে। মূলত যুক্তরাষ্ট্র–ইসরায়েল ও ইরানের মধ্যকার সংঘাত এবং তেহরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের হামলার প্রেক্ষাপটে এই জোট গড়ে তোলা হয়েছে।
তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রগুলো জানিয়েছে, ইস্তাম্বুলে অনুষ্ঠিত বৈঠকে তিন দেশের জন্য একটি ‘রাজনৈতিক ও প্রতিরক্ষা কৌশলগত কমিটি’ গঠন করা হবে। ওই কমিটির সদস্য হিসেবে থাকবেন তিন দেশের পররাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী ও সামরিক প্রধানেরা।
এই চুক্তির মাধ্যমে ন্যাটোর দ্বিতীয় বৃহত্তম সামরিক শক্তি তুরস্কের সঙ্গে যুক্ত হলো মুসলিম বিশ্বের একমাত্র পারমাণবিক শক্তিধর দেশ পাকিস্তান এবং উপসাগরীয় অঞ্চলের প্রভাবশালী দেশ সৌদি আরব।
সোমবারের বৈঠকে তুরস্কের পক্ষে নেতৃত্ব দেবেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী ও সেনাপ্রধান। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল বৈঠকে যোগ দেবে। অন্যদিকে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী বৈঠকে তাঁদের দেশের প্রতিনিধিত্ব করবেন।
আঙ্কারা জানিয়েছে, আন্তর্জাতিক নিরাপত্তার পাশাপাশি এই বৈঠকে সামরিক সক্ষমতা বৃদ্ধি ও প্রতিরক্ষা শিল্প খাতে যৌথ সহযোগিতা নিয়ে আলোচনা হবে।