লক্ষ্মীপুর সদর উপজেলায় সুপারি সংগ্রহের জন্য গাছে উঠতে অস্বীকার করায় বারো বছরের এক শিশুকে ছুরিকাঘাতে হত্যা করার অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় এবং আজ রোববার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

নিহত শিশু রিয়াদ হোসেন (১২) সদর উপজেলার সাহেদ হোসেনের ছেলে। আসামি মো. রুবেল (৩৫) একই এলাকার মো. মিলনের পুত্র। শিশুটির বাবা সাহেদ হোসেন বাদী হয়ে রুবেলের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন।

পুলিশ সূত্র জানায়, ঘটনার দিন রুবেল সুপারি তোলায় রিয়াদকে গাছে উঠতে অনুরোধ করে। রিয়াদ তাতে রাজি না হওয়ায় তাদের মধ্যে কথাকাটাকাটি হয়। এই সময় রুবেল ধারালো ছুরি দিয়ে শিশুটির বুক, পেট ও বাঁ হাঁটুর নিচে আঘাত করে। স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

রিয়াদের বাবা সাহেদ হোসেন বলেন, সন্ধ্যায় বাড়ি ফেরার কথা ছিল তাঁর ছেলের; কিন্তু স্বজনদের ফিরতে হয়েছে ছেলের নিথর দেহ নিয়ে।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াহিদ পারভেজ বলেন, শিশুটিকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এ ঘটনায় রুবেলকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সে মাদকাসক্ত। জিজ্ঞাসাবাদে সে ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমীর স্বাক্ষরিত রোববার দুপুরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। স্থানীয়রা জানান, শিশুটির হত্যার খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।