দীর্ঘমেয়াদি শ্বাসতন্ত্রের রোগে আক্রান্ত রোগীদের শুধুমাত্র ওষুধ সেবনে পুরোপুরি সুস্থ হওয়া সম্ভব নয়; তাদের চিকিৎসায় শারীরিক পুনর্বাসন বা পালমোনারি রিহ্যাবিলিটেশন এবং বহুমুখী চিকিৎসা পদ্ধতি অপরিহার্য বলে মত দিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। রোববার (৩০ আগস্ট) বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) আয়োজিত এক দিনব্যাপী কর্মশালায় তারা এসব কথা জানান।
বিএমইউর ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগ ও বাংলাদেশ সোসাইটি অব ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন (বিএসপিএমআর)-এর যৌথ উদ্যোগে ‘পালমোনারি রিহ্যাবিলিটেশন’ বিষয়ক এই কর্মশালার আয়োজন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে বিএমইউ উপাচার্য অধ্যাপক ডা. এফ. এম. সিদ্দিকী বলেন, "পালমোনারি রিহ্যাবিলিটেশনকে আরও কার্যকর করতে বিশ্ববিদ্যালয় থেকে সব ধরনের সর্বোচ্চ সহযোগিতা দেওয়া হবে। বিএমইউকে এ ক্ষেত্রে একটি ‘সেন্টার অব এক্সিলেন্স’ হিসেবে গড়ে তুলতে ফিজিক্যাল মেডিসিন, পালমোনোলজি, ফিজিওথেরাপি, নার্সিং ও পুষ্টিবিজ্ঞানসহ সব বিভাগের আন্তবিভাগীয় সহযোগিতা জরুরি।"
সভাপতির বক্তব্যে ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. এম. এ. শাকুর বলেন, "বিভিন্ন দীর্ঘমেয়াদি শ্বাসতন্ত্রের রোগে আক্রান্ত অনেক রোগীর ক্ষেত্রে শুধু ওষুধ যথেষ্ট কার্যকর হয় না। রোগীরা ধীরে ধীরে শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েন, কর্মক্ষমতা হারান এবং দৈনন্দিন কাজ ও সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণের সক্ষমতা কমে যায়। বিশেষ করে নিম্ন আয়ের রোগীদের কীভাবে লাগসই প্রযুক্তির মাধ্যমে পুনর্বাসন করে আবার কর্মক্ষম ও স্বনির্ভর করে তোলা যায় এবং সমাজ ও জাতির উন্নয়নে তাঁদের পুনরায় সম্পৃক্ত করা যায়, তা নিয়ে কাজ করতে হবে।" তিনি আরও বলেন, "আজকের এই কর্মশালার মাধ্যমে পালমোনারি রিহ্যাবিলিটেশনকে একটি কার্যকর ও টেকসই সেবা হিসেবে গড়ে তোলার উদ্যোগ শুরু হলো।"
অনুষ্ঠানে বিএমইউর উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ, সুপার স্পেশালাইজড হাসপাতালের পরিচালক প্রফেসর ডা. সাইফুল্লাহ মুনশী, জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের (এনআইডিসিএইচ) পরিচালক ডা. গোলাম সারওয়ার লিয়াকত হোসেন ভূঁইয়া এবং ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিল বক্তব্য রাখেন। তারা শ্বাসকষ্টজনিত রোগীদের জীবনযাত্রার মান উন্নয়নে চিকিৎসক, ফিজিওথেরাপিস্ট ও অন্যান্য স্বাস্থ্যকর্মীদের সমন্বিত কাজের ওপর জোর দেন।
দিনব্যাপী এই কর্মশালায় শ্বাসতন্ত্রের পুনর্বাসনের মৌলিক বিষয়, বর্তমান ধারণা, ক্লিনিক্যাল সিমুলেশন ও হ্যান্ডস-অন স্কিল বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। বিএমইউর শিক্ষক, চিকিৎসক, ফিজিওথেরাপিস্ট, নার্স ও সংশ্লিষ্ট স্বাস্থ্য পেশাজীবীরা এতে অংশ নেন।