কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই মডেল তৈরির পাশাপাশি তা চালানোর হার্ডওয়্যারেও নিজস্ব নিয়ন্ত্রণ গড়ে তুলতে এগিয়ে যাচ্ছে ওপেনএআই। এরই অংশ হিসেবে চিপ নির্মাতা প্রতিষ্ঠান ব্রডকমের সহযোগিতায় ‘জালাপেনিও’ নামের একটি বিশেষায়িত এআই চিপ ডিজাইন করেছে কোম্পানিটি। কম বিদ্যুৎ খরচে উচ্চ কর্মক্ষমতা এবং দ্রুত সাড়া দেওয়ার ক্ষমতায় এই চিপটি দাবি করছে ওপেনএআই।

সম্প্রতি প্রকাশিত এক ব্লগ পোস্টে ওপেনএআই জানিয়েছে, জিপিটি-ওএসএস–১২০বি, ডিপসিক আর–১ ও কিমি কে–২.৫ মডেল ব্যবহার করে জালাপেনিওর কার্যকারিতা পরীক্ষা করা হয়েছে। প্রশিক্ষিত এআই মডেল থেকে ব্যবহারকারীর প্রশ্নের উত্তর তৈরির যে ‘ইনফারেন্স’ প্রক্রিয়া, চ্যাটজিপিটি বা কোড লেখার কাজে তা কেন্দ্রীয় ভূমিকা রাখে। ঠিক সেই ধরনের কাজের জন্যই জালাপেনিওর নকশা করা হয়েছে বলে প্রতিষ্ঠানটি উল্লেখ করেছে। চিপটির ডিজাইনে ব্রডকমের পাশাপাশি বোর্ড, র‍্যাক সিস্টেম ও উৎপাদন সংক্রান্ত হার্ডওয়্যার তৈরিতে সেলেস্টিকা কাজ করেছে। ওপেনএআইয়ের দাবি, শুধুমাত্র চিপ নয়, সফটওয়্যার, মেমোরি, নেটওয়ার্কিং ও এআই অবকাঠামোকে সমন্বিতভাবে বিবেচনায় রেখেই জালাপেনিও তৈরি করা হয়েছে, যা সামগ্রিক দক্ষতা ও শক্তি সাশ্রয়ে সহায়ক হবে।

তিনটি মডেলের ওপর পরিচালিত পরীক্ষায় ওপেনএআই দাবি করেছে, তুলনামূলক ব্যবস্থার চেয়ে প্রতি ওয়াট বিদ্যুতে জালাপেনিও ১ দশমিক ৫ থেকে ১ দশমিক ৯ গুণ বেশি এআই কাজ সম্পন্ন করতে সক্ষম। শুরু থেকে শেষ পর্যন্ত সাড়া পাওয়ার সময় ১ দশমিক ৭ থেকে ৩ দশমিক ৬ গুণ কমেছে। ব্যবহারকারীর সঙ্গে তাৎক্ষণিক যোগাযোগের কাজে চিপটির কর্মক্ষমতা সর্বোচ্চ ৪ দশমিক ১ গুণ পর্যন্ত উন্নত হয়েছে বলেও জানানো হয়েছে। কোটি কোটি অনুরোধ প্রক্রিয়াকরণের মতো এআই পরিবেশে শক্তি ব্যবহারে সামান্য দক্ষতা বৃদ্ধিও পরিচালনা ব্যয় কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে প্রতিষ্ঠানটি আশাবাদী।

জালাপেনিও প্রকল্পটি ওপেনএআইয়ের এআই প্রযুক্তির বিভিন্ন স্তরে স্বনির্ভরতা বাড়ানোর বৃহত্তর পরিকল্পনারই অংশ। আগে মডেল চালানোর জন্য অন্য প্রতিষ্ঠানের হার্ডওয়্যারের ওপর নির্ভর করতে হলেও এবার চিপ থেকে শুরু করে সফটওয়্যার ও অবকাঠামো পর্যন্ত একসাথে উন্নত করার উদ্যোগ নিয়েছে তারা। প্রাথমিক নকশা থেকে উৎপাদনযোগ্য চূড়ান্ত ডিজাইন পর্যন্ত সময় লেগেছে মাত্র ৯ মাস। নকশা ও কার্যকারিতা উন্নয়নের বিভিন্ন পর্যায়ে ওপেনএআইয়ের নিজস্ব এআই মডেল প্রকৌশলীদের সহায়তা নেওয়া হয়েছে। তবে এখনও এনভিডিয়ার চিপের ব্যবহার বন্ধ করছে না ওপেনএআই। ২০২৬ সালের শেষ নাগাদ সীমিত পরিমাণে জালাপেনিও ব্যবহার শুরু এবং ২০২৭ সালে এর ব্যবহার বৃদ্ধির পরিকল্পনা রয়েছে। ভবিষ্যতে নতুন প্রজন্মের চিপ তৈরি চালিয়ে যাওয়ার পাশাপাশি এনভিডিয়াসহ অন্যান্য হার্ডওয়্যার অংশীদারদের সঙ্গে কাজ অব্যাহত রাখবে প্রতিষ্ঠানটি। ফলে আপাতত তৃতীয় পক্ষের হার্ডওয়্যার নির্ভরতা পুরোপুরি দূর না করলেও এনভিডিয়ার বিকল্প হিসেবে নিজস্ব সক্ষমতা গড়ে তোলার গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে জালাপেনিওর উদ্ভব ঘটেছে।