ইন্টারনেটের বিশেষ দিন বা উৎসবগুলোতে গুগলের হোমপেজে নতুন রূপ ধারণ করা লোগো বা ‘ডুডল’ আজ বিশ্বজুড়ে পরিচিত। তবে কালজয়ী এই প্রযুক্তি-শিল্প মিশেলটির যাত্রা শুরু হয়েছিল একদমই সাধারণ একটি প্রয়োজনে। আজ থেকে ২৮ বছর আগে, অর্থাৎ ১৯৯৮ সালের ৩০ আগস্ট ইতিহাস সৃষ্টিকারী প্রথম গুগল ডুডলটি প্রকাশিত হয়।

প্রতিষ্ঠাতা ল্যারি পেজ ও সের্গেই ব্রিন তখন যুক্তরাষ্ট্রের নেভাদায় অনুষ্ঠিত বার্নিং ম্যান উৎসবে অংশ নিতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। অফিসে অনুপস্থিত থাকাকালীন সার্ভার সাময়িকভাবে অচল হয়ে পড়লে ব্যবহারকারীদের জানানোর জন্য তাঁরা হোমপেজের লোগোর দ্বিতীয় ইংরেজি ‘g’ বর্ণটির পেছনে একটি স্টিক ফিগার আঁকেন। এভাবেই তারা জানিয়ে দেন যে প্রতিষ্ঠাতারা সাময়িকভাবে কার্যালয়ের বাইরে আছেন।

ডুডলের সূচনামূলক পর্যায়গুলোতে এগুলো ছিল অত্যন্ত সাধারণ মানের স্থিরচিত্র, যেখানে কোনো অ্যানিমেশন বা ক্লিক করার সুযোগ ছিল না। পরবর্তীতে গুগলের জনসংযোগ কর্মকর্তা ডেনিস হুয়াং এই ধারায় নতুন মোড় দেন। ২০০০ সালের ১৪ জুলাই ফ্রান্সের বাস্তিল দিবসের জন্য তিনি বিশেষ লোগো নকশা করেন। এর ব্যাপক সাফল্য দেখে প্রতিষ্ঠাতা পেজ ও ব্রিন তাকে নিয়মিত ডুডল তৈরির দায়িত্ব দেন। সময়ের সাথে সাথে এই কাজ পরিচালনার জন্য চিত্রশিল্পী ও প্রকৌশলীদের নিয়ে ‘ডুডলার্স’ নামে একটি বিশেষ দল গড়ে তোলে কোম্পানিটি।

ডুডলের ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা ঘটে ২০০০ সালের ৩১ অক্টোবর। ওই দিন প্রথমবারের মতো অ্যানিমেটেড ডুডলের মাধ্যমে হ্যালোইন উদ্‌যাপন করা হয়। এরপর ২০১০ সালের ২১ মে বিখ্যাত ভিডিও গেম প্যাক–ম্যানের ৩০ বছর পূর্তিতে প্রথম ইন্টারঅ্যাকটিভ ডুডলটি তৈরি করা হয়, যেখানে ব্যবহারকারীরা সরাসরি গেমটি খেলতে পারতেন। একই সময়ে ডুডলে হাইপারলিংক যুক্ত করার নিয়ম চালু হয়, যার মাধ্যমে কোনো ডুডলে ক্লিক করলেই তা বিষয়–সংক্রান্ত অনুসন্ধান পাতায় নিয়ে যায়।

বিগত আড়াই দশকে বিশ্বনেতা, বিজ্ঞানী, শিল্পী ও বিভিন্ন দেশের সংস্কৃতি তুলে ধরতে পাঁচ হাজারের বেশি ডুডল প্রকাশ করা হয়েছে। আঞ্চলিক ও বৈশ্বিক পর্যায়ে ছড়িয়ে পড়া এই বিশেষ লোগো আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে প্রযুক্তিপ্রতিষ্ঠানটির এক অনন্য পরিচয় গড়ে তুলেছে। তিন দশক স্পর্শ করতে যাওয়া এই উদ্ভাবন কেবল একটি তথ্য অনুসন্ধান প্রযুক্তির লোগো হিসেবে সীমাবদ্ধ নয়; বরং শিল্প ও বৈশ্বিক ইতিহাসের এক জীবন্ত দলিল হিসেবে ইতিহাস গড়েছে। বাংলাদেশের বিভিন্ন দিবস উপলক্ষেও ডুডল দেখা যায়। বাংলাদেশ নিয়ে প্রথম ডুডল প্রকাশ করা হয় ২০১৩ সালের ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে।

সূত্র: গুগল ডুডল আর্কাইভ