অ্যাপলের সহপ্রতিষ্ঠাতা স্টিভ জবসের অষ্টম শ্রেণির পড়ার সময় তৈরি করা একটি বিজ্ঞান প্রকল্প যুক্তরাষ্ট্রের নিলামে ৩৪ হাজার ৩৭৫ ডলারে বিক্রি হয়েছে। প্রতি ডলার ১২৩ টাকা হিসাব করলে এই অঙ্কটি বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪২ লাখ টাকার সমান।
১৯৬৮ সালে নির্মিত এই হাতে তৈরি প্রকল্পটি মূলত সিলিকন-নিয়ন্ত্রিত রেকটিফায়ার নিয়ে গবেষণা করেছিল। এতে দুটি প্রদর্শনী সার্কিট এবং ১০ পৃষ্ঠার একটি প্রতিবেদন সংযুক্ত ছিল। সম্প্রতি যুক্তরাষ্ট্রের নিলাম প্রতিষ্ঠান আরআর অকশনের আয়োজিত এক বিশেষ নিলামে প্রকল্পটি কেনা হয়।
‘স্টিভ জবস অ্যান্ড দ্য কম্পিউটার রেভোল্যুশন: দ্য অ্যাপল ৫০তম অ্যানিভার্সারি অকশন পার্ট টু’ শীর্ষক এই নিলামে শুরুতে দাম ৩ হাজার ডলারেরও নিচে ছিল। তবে শেষ পর্যন্ত দর বাড়তে তা ৩৪ হাজার ৩৭৫ ডলারে পৌঁছায়। আরআর অকশনের তথ্য অনুযায়ী, জবসের পরিবার দীর্ঘদিন প্রকল্পটি সংরক্ষণ করে রাখে। পরবর্তীতে এটি কয়েক দশক ধরে অ্যাপলের ইতিহাসের সঙ্গে জড়িত ‘অ্যাপল গ্যারেজ’ নামক বাড়িতে রাখা ছিল।
জবসের সৎভাই জন চোভানেক জানান, প্রকল্পটি ফেরত দেওয়ার জন্য বারবার অনুরোধ করা হলেও জবস তা গ্রহণ করেননি। পরে তিনি চোভানেককে প্রকল্পটি নিজের কাছে রাখতে অনুমতি দেন। ওই নিলামে অ্যাপল ও প্রযুক্তির ইতিহাসের সঙ্গে যুক্ত প্রায় ১৫০টি দুর্লভ সামগ্রী বিক্রির জন্য তোলা হয়েছিল। এর মধ্যে জবসের স্বাক্ষরিত ব্যবসায়িক কার্ডটি ১ লাখ ৫৬ হাজার ৬৫৮ ডলারে, তার ব্যক্তিগত সংগ্রহের ইলেকট্রনিক যন্ত্রাংশ ২৭ হাজার ১৮৮ ডলারে এবং ১৯৮৩ সালের একটি অনুষ্ঠানে বক্তৃতা প্রত্যাখ্যান করে লেখা চিঠিটি ২৪ হাজার ৬৯৫ ডলারে বিক্রি হয়েছে।
তবে ওই নিলামে সবচেয়ে বেশি দাম উঠেছে একটি সচল অ্যাপল-১ কম্পিউটারের। অ্যাপলের দ্বিতীয় ধাপে তৈরি মোট ৫০টি কম্পিউটারের একটি এটি, যা বিক্রি হয়েছে ৪ লাখ ৯৯ হাজার ৩৬৩ ডলারে।
সূত্র: নাইনটুফাইভম্যাক ডটকম