দুর্নীতি দমন কমিশন (দুদক) সাবেক সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে। বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের পরিপ্রেক্ষিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। দুদকের প্রধান কার্যালয় থেকে পাঠানো চিঠিতে আগামী ১৪ সেপ্টেম্বর জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) ফটোকপিসহ সংস্থাটির প্রধান কার্যালয়ে হাজির হওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। দুদকের পরিচালক ও অনুসন্ধানকারী কর্মকর্তা মো. আবুল হাসনাত স্বাক্ষরিত নোটিশে উল্লেখ করা হয়েছে, অভিযোগের বিষয়ে অনুসন্ধান চলছে। সুষ্ঠু তদন্তের স্বার্থে তাঁর বক্তব্য শ্রবণ ও গ্রহণ করা একান্ত প্রয়োজন। নোটিশে আরও জানানো হয়েছে, অনুসন্ধান কার্যক্রম পরিচালনা ও প্রতিবেদন দাখিলের লক্ষ্যে দুদকের পরিচালক মো. আবুল হাসনাতকে দলনেতা এবং উপপরিচালক মোজাম্মেল হোসেনকে সদস্য করে দুই সদস্যের একটি অনুসন্ধান দল গঠন করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের উপপরিচালক মো. আকতারুল ইসলাম। তিনি আজ রোববার সাংবাদিকদের জানান যে, নির্ধারিত সময়ে দুদকের প্রধান কার্যালয়ে উপস্থিত হয়ে সংশ্লিষ্ট বিষয়ে নিজের বক্তব্য রাখতে সাবেক এই সেনাপ্রধানকে অনুরোধ করা হয়েছে।