ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি রিদওয়ান মাযহারী মন্তব্য করেছেন, জুলাই গণ-অভ্যুত্থানে কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের ভূমিকা প্রকাশ্যে থাকলেও প্রচারমাধ্যম ও বিভিন্ন স্তরে তাদের অবদান খাটো করে দেখা হয়েছে। সম্প্রতি মুক্তকণ্ঠের আলাপন অনুষ্ঠানে তিনি এই বিষয়ে কথা বলেন।

তিনি জানান, ইসলামপন্থীদের সেই ভূমিকা তুলে ধরার ক্ষেত্রেও বৈষম্যমূলক আচরণ করা হয়েছে। রিদওয়ান মাযহারী যুক্তি দেখান, জুলাই গণ-অভ্যুত্থানে কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের বীরত্বপূর্ণ অবদান অস্পষ্ট কিছু নয়। মাদ্রাসাগুলোতে সামনে পরীক্ষা ছিল, তারপরও শিক্ষার্থীদের রাজপথে নামা থেকে আটকে রাখা যায়নি।

কওমি মাদ্রাসার ইতিহাস ও চেতনার দিকটি তুলে ধরে তিনি বলেন, কওমি মাদ্রাসার ধারাটাই হলো বিপ্লবী ধারা। কওমি মাদ্রাসার সূচনাই হয়েছিল ব্রিটিশ শাসন-শোষণের বিরুদ্ধে লড়াই করার এবং বিপ্লবী চেতনা জাগ্রত করার লক্ষ্য নিয়ে। এছাড়াও, দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠিত হয়েছিল সাম্রাজ্যবাদবিরোধী বিপ্লবী চেতনা নিয়ে। সেই একই চেতনা ধারণ করে কওমির শিক্ষার্থীরা যে কোনো জাতীয় সংকটে জীবন বাজি রেখে লড়াই করতে প্রস্তুত থাকে.