টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বিপুল পরিমাণ সরকারি ওষুধ ভর্তি একটি পিকআপ আটকের ঘটনায় ক্ষুব্ধ হয়ে স্থানীয়রা শনিবার (২৯ আগস্ট) দুপুরে থানা ও হাসপাতাল ঘেরাও ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে। এতে টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে যানবাহনের দীর্ঘ সারি লেগে যায়।

ঘাটাইল উপজেলা পরিষদের সামনে থেকে শুরু হওয়া মিছিলটি শেষ পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ঘাটাইল থানার সামনে গিয়ে ঘেরাওয়ে পরিণত হয়। পরে বিক্ষোভকারীরা কলেজ মোড়ে অবস্থান নিয়ে সড়কটি অবরোধ করেন।

স্থানীয়দের অভিযোগ, হাসপাতালে রোগীদের প্রয়োজনীয় সরকারি ওষুধ নিয়মিত সরবরাহ হচ্ছে না। ফলে রোগীদের অনেক সময় বাধ্য হয়ে বাজার থেকে ওষুধ কিনতে হয়। এমন পরিস্থিতিতে হাসপাতাল থেকে পিকআপভর্তি ওষুধ অন্যত্র নেওয়ার খবর পাওয়াই এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে।

বিক্ষোভকারীরা বলেন, রোগীদের জন্য বরাদ্দ সরকারি ওষুধ কোথায় যাচ্ছে এবং এর সঙ্গে কারা জড়িত, তা তদন্ত করে বের করতে হবে। তারা ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।

বিক্ষোভ সমাবেশে রাকিব নামের এক আন্দোলনকারী অভিযোগ করেন, ওষুধসংক্রান্ত ঘটনা ধামাচাপা দিতে মূল অভিযুক্তদের ধরাছোঁয়ার বাইরে রেখে একজন নিরপরাধ পিকআপচালকের বিরুদ্ধে মামলা করা হয়েছে। তিনি পিকআপচালকের মুক্তির দাবি জানান।

হাসপাতালে চিকিৎসা নিতে আসা নাজমা খাতুন বলেন, হাসপাতাল থেকে দু-একটি ওষুধ দেওয়া হলেও প্রয়োজনীয় বাকি ওষুধগুলো বাইরে থেকে কিনতে হচ্ছে।

এসময় বিক্ষোভকারীরা সরকারি ওষুধের অনিয়মের সঙ্গে জড়িত প্রকৃত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।