ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ বা ডাকসু ক্যাফেটেরিয়ায় শনিবার সন্ধ্যায় ‘ডাকসু লেখালেখি ও নাট্য কর্মশালা’-এর সমাপনী ও সনদপত্র প্রদান অনুষ্ঠিত হয়েছে। সংগঠনটির সহ-সভাপতি (ভিপি) সাদেক কায়েম প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হাতে সনদ তুলে দেন।

অনুষ্ঠানে তিনি বলেন, "লেখালেখি ও নাট্যচর্চা তরুণদের সৃজনশীলতা, মননশীলতা, নেতৃত্বের গুণাবলি এবং সমাজকে দেখার দৃষ্টিভঙ্গি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নিয়মিত সাহিত্যচর্চা ও নাট্যচর্চার মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের চিন্তা ও অনুভূতি আরও সুন্দরভাবে প্রকাশ করার সুযোগ পায়।"

এ সময় অন্যদের মধ্যে ডাকসুর সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মোসাদ্দেক আলী ইবনে মোহম্মদ, বাংলাদেশ সাহিত্য কেন্দ্রের সভাপতি কবি আফসার নিজাম, নটনাট্যের সভাপতি নাট্যকার ও নির্দেশক হুসনে মোবারক, তাইরান সম্পাদক তাসনিম মাহমুদ, নাট্যাভিনেতা সরদার আব্বাস, নির্মিতা এইচএম নুর, আবৃত্তিকার তারিক হাসিব ও নাট্য অভিনেত্রী উম্মে হানী মেঘলা উপস্থিত ছিলেন।

ডাকসুর আয়োজনে এবং নটনাট্য ও বাংলাদেশ সাহিত্যকেন্দ্রের যৌথ ব্যবস্থাপনায় মাসব্যাপী এই কর্মশালাটি পরিচালিত হয়। এতে অংশগ্রহণকারীরা লেখালেখির কৌশল, গল্প ও নাট্যরচনা, চরিত্র নির্মাণ, সংলাপ রচনা, অভিনয় ও মঞ্চ উপস্থাপনার মতো বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ লাভ করেন।

আয়োজকদের তথ্য অনুযায়ী, কর্মশালা শেষে অংশগ্রহণকারীদের মধ্যে সৃজনশীল চর্চার প্রতি আগ্রহ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তরুণ প্রজন্মকে সাহিত্য ও নাট্যচর্চার সাথে আরও বেশি সম্পৃক্ত রাখতে ভবিষ্যতেও অনুরূপ কর্মশালা ও সৃজনশীল আয়োজন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন সংশ্লিষ্টরা।