রাজধানীর পল্লবীর বিহারি ক্যাম্পে মরদেহের গোসলখানা নির্মাণ নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। শনিবার বিকেল চারটার দিকে এই ঘটনা ঘটে। এ সময় উভয় পক্ষ থেকে পাঁচবার ফাঁকা গুলি ছোড়া হয় এবং ককটেল বিস্ফোরণের ঘটনাও দেখা যায়।

পল্লবী থানা–পুলিশ সূত্র জানিয়েছে, মসজিদের পাশে গোসলখানা নির্মাণের কাজ চলছিল। অন্যদিকে একটি পক্ষ সেখানে পানির পাম্প স্থাপন করতে চায়। বিষয়টি নিয়ে প্রথমে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে, যা পরে সংঘর্ষে রূপ নেয়। ঘটনাস্থলে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে।

পুলিশ সূত্রের তথ্য অনুযায়ী, মরদেহের গোসলখানা নির্মাণ নিয়ে শুরু হওয়া ঝামেলায় স্থানীয় জামায়াত ও বিএনপির নেতা–কর্মীরাও জড়িয়ে পড়েন। জামায়াতকর্মী মানিকের নেতৃত্বে আনুমানিক ৫০ থেকে ৬০ জন এবং ছাত্রদল নেতা সোহেল ও বিহারি সংগঠনের নেতা সাদাকাত খান ওরফে ফাক্কুর নেতৃত্বে ২০০ থেকে ২৫০ জনের সমন্বয়ে পাল্টাপাল্টি ধাওয়া চালানো হয়।

সংঘর্ষের সময় ধারণকৃত সিসিটিভি ফুটেজে আটজনকে তিনটি মোটরসাইকেলে হেলমেট পরে গুলি ছুড়তে ছুড়তে যেতে দেখা গেছে। গুলির শব্দে এলাকার বাসিন্দারা ভয়ে ছোটাছুটি করেন।

ডিএমপির পল্লবী অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) আশরাফুল ইসলাম গতকাল রাতে মুক্তকণ্ঠকে বলেন, এ ঘটনায় এখনো উত্তেজনা বিরাজ করছে। তাঁরা ঘটনাস্থলে রয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। কয়েকজন আহত হয়েছেন। এ বিষয়ে পরে বিস্তারিত জানাতে পারবেন।