ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁও উপজেলার পাগলা থানা এলাকায় পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে তৃতীয় শ্রেণির এক নববছর বয়সী শিশুছাত্রীকে ধর্ষণের অভিযোগে ৬১ বছর বয়সী এক কৃষককে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ ও এজাহার সূত্রে জানা যায়, স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী শিশুটি বাবা প্রবাসী হওয়ায় মায়ের সাথে থাকেন। ২৫ আগস্ট বিদ্যালয়ের পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে মো. ছমির উদ্দিন নামের এক ব্যক্তি তাকে টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে স্থানীয় একটি কলাবাগানে নিয়ে যান। সেখানে শিশুটিকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। পরে ১০০ টাকা দিয়ে বিষয়টি গোপন রাখার ভয় দেখিয়ে তাকে বাড়িতে পাঠিয়ে দেন অভিযুক্ত।

বাড়ি ফিরে শিশুটি পরিবারের সদস্যদের কাছে ঘটনাটি প্রকাশ করেন। এরপর স্থানীয়ভাবে বিষয়টি নিষ্পত্তির চেষ্টা শুরু হলেও গতকাল শুক্রবার বিকেলে সালিসের খবর পেয়ে পুলিশের একটি দল অভিযান চালায়। অভিযানে শিশুটিকে উদ্ধার করে থানায় নেওয়া হয় এবং মো. ছমির উদ্দিনকে আটক করা হয়।

পাগলা থানার উপপরিদর্শক (এসআই) মো. আনোয়ার হোসেন বলেন, শিশুটির মা বাদী হয়ে গতকাল রাতে থানায় মামলা করেছেন। গ্রেপ্তার ব্যক্তিকে আজ শনিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে। শিশুটিকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।