রংপুরের তারাগঞ্জে ৬ বছরের এক শিশুকে বিল থেকে শাপলা ফুল তুলে দেওয়ার প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায় উপজেলার একটি বিলে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত হলেন শামনুর হোসেন (২১)। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার বিকেলে বাড়ির পাশে খেলছিল শিশুটি। এ সময় শামনুর তাকে শাপলা ফুল তুলে দেওয়ার কথা বলে বিলের দিকে নিয়ে যায়। সেখানে শিশুটি ধর্ষণের শিকার হয়।
বাড়ি ফিরে শিশুটি বিষয়টি তার মাকে জানান। কিছুক্ষণ পর অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা প্রথমে তারাগঞ্জ এবং পরে রাত সাড়ে ৮টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
বিষয়টি জানাজানি হওয়ার পর শিশুটির মা তারাগঞ্জ থানায় শামনুরের বিরুদ্ধে মামলা করেন। এরপর থেকে অভিযুক্ত পলাতক রয়েছে।
তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রুহুল আমিন বলেন, এ ঘটনায় থানায় ধর্ষণের মামলা হয়েছে। অভিযুক্ত আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।