চট্টগ্রামের পটিয়া থেকে পরিবারসহ উদ্ধার হওয়া চাঁদপুরের আলোচিত স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসকে (৪৫) প্রতারণার অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৯ আগস্ট) দুপুরে তাকে চাঁদপুর আদালতে সোপর্দ করা হয়। পরে বিচারক তাকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।
গত ২০ আগস্ট থেকে স্ত্রী ও দুই সন্তানসহ রহস্যজনকভাবে নিখোঁজ ছিলেন তিনি। তার দোকান ও বাসভবন তালাবদ্ধ অবস্থায় পাওয়ায় ব্যবসায়ী মহল ও স্থানীয়দের মধ্যে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। পরবর্তীতে তথ্যপ্রযুক্তির সহায়তা এবং মালামাল পরিবহনে ব্যবহৃত ট্রাকচালকের সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে চট্টগ্রাম বিভাগের পটিয়া এলাকায় তাদের অবস্থান শনাক্ত করে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ। শুক্রবার ভোরে অভিযান চালিয়ে পরিবারের চার সদস্যকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।
চাঁদপুর সদর মডেল থানা সূত্রে জানা যায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে ২৫ লাখ টাকা অর্থ হাতিয়ে নেওয়ার কথা স্বীকার করেছেন অভিযুক্ত পিন্টু দাস। স্থানীয় বাসিন্দা রাসেল খান বাদী হয়ে চাঁদপুর সদর থানায় একটি প্রতারণা মামলা দায়ের করলে ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।
চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ লুৎফুর রহমান জানান, পিন্টু দাসের বিরুদ্ধে প্রতারণার সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলেও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে কোনো অনিয়মের প্রমাণ মেলেনি। ফলে উদ্ধারকৃত স্ত্রী ও দুই সন্তানকে তাদের অভিভাবকের (বাবার) জিম্মায় হস্তান্তর করা হয়েছে। তিনি আরও জানান, দায়েরকৃত মামলার পাশাপাশি পিন্টু দাসের সঙ্গে অন্য কোনো অর্থ আত্মসাৎ বা অপকর্ম জড়িত রয়েছে কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ।