হবিগঞ্জ সদর উপজেলার আনোয়ারপুর ও নোয়াগাঁও গ্রামের বাসিন্দাদের মধ্যে প্রায় ঘণ্টাব্যাপী সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। শনিবার (২৯ আগস্ট) সকালে এ সংঘর্ষ ঘটে। আহতদের মধ্যে ফজল মিয়া (২৫), আলমগীর (৩৬), মো. সত্তর মিয়া (৬২), জয়নুদ্দিন (৩৮), জিকির মিয়া (৪১), মফিল মিয়া (৫০), সজল হক (৪৮), শিপন (১৯) ও সজল মিয়া (৩৫) রয়েছেন। আহতদের হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক গুরুতর আহত সজল মিয়াকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

এর আগে শুক্রবার বিকেলে নোয়াগাঁও গ্রামের শিমুল আহমেদ ও রাজনগর গ্রামের মারুফ আহমেদ আনোয়ারপুর এলাকায় গেলে মাদক বিক্রির অভিযোগে তাদের আটক করে মারধর করেন আনোয়ারপুর গ্রামের মজিবুর রহমান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে। এর জের ধরে দুই গ্রামের লোকজনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং শনিবার সকালে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল হক বলেন, "দুই গ্রামবাসীর মধ্যে আগে থেকেই উত্তেজনা ছিল। একপর্যায়ে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। তবে বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটার আগেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।"