কাপ্তাই হ্রদের পানি বিপৎসীমার কাছাকাছি উঠে আসায় উজান ও ভাটি অঞ্চলের বন্যা ঝুঁকি কমাতে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের স্পিলওয়ের ১৬টি জলকপাট খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শনিবার (২৯ আগস্ট) রাত ১০টা থেকে প্রতিটি জলকপাট ৬ ইঞ্চি করে উঠিয়ে পানি নিষ্কাশন শুরু হবে।
কেন্দ্রটির তরফ থেকে জারি করা এক জরুরি বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, হ্রদের পানির মাত্রা বিপৎসীমার সমীপবর্তী হওয়ায় উজান ও ভাটি এলাকার পানি ব্যবস্থাপনা ও বন্যা নিয়ন্ত্রণে স্পিলওয়ের ১৬টি গেট খুলে পানি ছাড়ার প্রস্তুতি নেওয়া হয়েছে। শনিবার রাত ১০টায় এই গেটগুলো ৬ ইঞ্চি করে উঠানো হবে।
শনিবার দুপুর ২টায় হ্রদের পানির উচ্চতা রেকর্ড করা হয়েছে ১০৫.৬৪ ফুট এমএসএল (মিন সি লেভেল)। অন্যদিকে, কাপ্তাই হ্রদের সর্বোচ্চ পানি ধারণক্ষমতা ১০৯ ফুট এমএসএল। প্রাথমিক পর্যায়ে স্পিলওয়ের ১৬টি গেট ৬ ইঞ্চি উঠিয়ে প্রতি সেকেন্ডে প্রায় ৯ হাজার কিউসেক পানি নিষ্কাশন করা হবে। বর্তমানে বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে কেন্দ্রের ৫টি ইউনিটের মাধ্যমে প্রতি সেকেন্ডে আরও প্রায় ৩২ হাজার কিউসেক পানি নিষ্কাশিত হচ্ছে।
কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, হ্রদের পানির উচ্চতা, বৃষ্টিপাত ও উজানের ঢলের (ইনফ্লো) পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। বৃষ্টিপাত ও পানির প্রবাহের ওপর নির্ভর করে স্পিলওয়ে খোলার নির্ধারিত সময় কিংবা পানি ছাড়ার পরিমাণ পরিবর্তন বা বৃদ্ধি করা হতে পারে।