পটুয়াখালীর দুমকি উপজেলায় যুবদলের নতুন কমিটি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে তিনজন আহত হয়েছেন। শুক্রবার (২৮ আগস্ট) বিকেল পাঁচটার দিকে উপজেলার নতুন বাজার ও উপজেলা পরিষদ গেট এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, নতুন কমিটি প্রত্যাখ্যান করে পদবঞ্চিত ও বিক্ষুব্ধ নেতাকর্মীরা নতুন বাজারের মামুন মার্কেট এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন। একই সময়ে নতুন কমিটিতে পদ পাওয়া নেতাকর্মীরা লেবুখালীর পাগলার মোড় এলাকা থেকে আনন্দ মিছিল নিয়ে উপজেলা পরিষদের ২ নম্বর গেটের সামনে পৌঁছান। দুটি মিছিল মুখোমুখি হলে পুলিশ মাঝখানে অবস্থান নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। তবে পদবঞ্চিত নেতাকর্মীরা পুলিশের বাধা ঠেলে প্রতিপক্ষকে ধাওয়া করলে সংঘর্ষ বেগ পায়। এ সময় নতুন কমিটির তিনজন নেতাকর্মী আহত হন এবং চারটি মোটরসাইকেল ভাঙচুরের অভিযোগ উঠেছে।

এদিকে পদবঞ্চিত যুবদলের যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম সরদার অভিযোগ করেন, "একটি গুরুত্বপূর্ণ সাংগঠনিক ইউনিটে আন্দোলন-সংগ্রামের পরীক্ষিত কর্মীদের বাদ দিয়ে ব্যবসায়ীদের দায়িত্ব দেওয়া হয়েছে। নতুন সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম রাজনৈতিক কর্মসূচির চেয়ে রেস্তোরাঁ ব্যবসায় বেশি ব্যস্ত থাকেন। এমনকি নতুন সভাপতি রুবেলও অতীতে দলীয় কোনো কর্মসূচিতে ছিলেন না।"

নতুন কমিটির দায়িত্বপ্রাপ্ত নেতাদের বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দিন বলেন, "দুপক্ষের পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে কিছুটা উত্তেজনা ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ মাঝখানে অবস্থান নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে।"