লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার পূর্ব নওদাবাস ইউনিয়নে শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে ছাগল চুরির মামলার আসামি গ্রেপ্তারে পুলিশের ওপর সংঘবদ্ধ হামলা চালান স্থানীয়রা। এই সময় এক পুলিশ সদস্যকে ধাক্কা দিয়ে পার্শ্ববর্তী পুকুরের পানিতে নামিয়ে দেওয়া হয়। হামলায় দুই পুলিশ সদস্য আহত হন এবং তারা স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কয়েকদিন আগে পূর্ব নওদাবাস এলাকার বাসিন্দা জাকিরুল আলম লাইজু ছাগল চুরির অভিযোগে হাতীবান্ধা থানায় মামলা করেন। ওই মামলায় ফিরোজ নামের এক ব্যক্তিকে প্রধান আসামি দেখানো হয়। মামলার আসামি ফিরোজকে গ্রেপ্তার করতে হাতীবান্ধা থানার উপপরিদর্শক (এসআই) আলন চন্দ্র বর্মন ও সহকারী উপপরিদর্শক (এএসআই) সুজন চন্দ্রের নেতৃত্বে একটি দল শুক্রবার দুপুরে সিভিল পোশাকে অভিযানে যায়। অভিযানের খবর পেয়ে আসামিপক্ষের লোকজন সংঘবদ্ধ হয়ে পুলিশের ওপর ঝাঁপিয়ে পড়ে। এ সময় এক পুলিশ সদস্যকে ধাক্কা দিয়ে পুকুরে ফেলা হয়।

হামলার পর আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়, যা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হামলায় জড়িত সুজন নামের এক যুবককে আটক করা হয়। আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে। আটক সুজন ওই এলাকার বাদশা মিয়ার ছেলে।

বিষয়টি নিশ্চিত করে হাতীবান্ধা সহকারী পুলিশ সুপার (বি-সার্কেল) জয়ন্ত কুমার সেন জানান, পুলিশ সদস্যের ওপর হামলার ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। সরকারি কাজে বাধা ও পুলিশের ওপর হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।