চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে ত্রাণসামগ্রী ও গৃহনির্মাণের ঢেউটিন বিতরণ করা হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সাবেক চেয়ারম্যান মোহাম্মদ এনামুল হক এনামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম অঞ্চলের টিম সদস্য অধ্যাপক জাফর সাদেক। দলটির চট্টগ্রাম দক্ষিণ জেলার আমীর আনোয়ারুল আলম চৌধুরী অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন।

বক্তারা প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোকে নৈতিক ও মানবিক দায়িত্ব উল্লেখ করেছেন। বন্যাকবলিত পরিবারগুলোর দুর্ভোগ লাঘবে সমাজের সামর্থ্যবান ব্যক্তি ও সামাজিক সংগঠনগুলোকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের সহকারী অধ্যাপক ড. ছাবের আহমদ, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি মাওলানা নুরুল হোসাইন, লোহাগাড়া উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক আসাদুল্লাহ ইসলামাবাদী, সেক্রেটারি অধ্যক্ষ আ.ন.ম. নোমান এবং আমিরাবাদ ইউনিয়ন জামায়াতের আমীর অধ্যাপক মোহাম্মদ হাসানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

গত জুলাই মাসে টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে লোহাগাড়ার আমিরাবাদ ইউনিয়ন ব্যাপকভাবে প্লাবিত হয়েছিল। এটি ওই উপজেলার সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর একটি বলে উল্লেখযোগ্য।