কিশোর-কিশোরীদের অনলাইন নিরাপত্তা নিশ্চিত করতে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে আসক্তি কমাতে ফেসবুক ও ইনস্টাগ্রামের ব্যবহারকারীর জন্য নতুন বিধিনিষেধ আরোপ করতে যাচ্ছে মেটা। যুক্তরাষ্ট্রের একটি মামলার নিষ্পত্তির অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে।
নতুন নিয়ম অনুযায়ী, কিশোর-কিশোরীদের জন্য প্রতিদিন অ্যাপ ব্যবহারের নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করা হবে এবং রাতে অ্যাপ ব্যবহারের সুযোগ থাকবে না। এছাড়া স্কুল চলাকালীন সময়ে নোটিফিকেশন পাঠানো বন্ধ থাকবে এবং অপরিচিত প্রাপ্তবয়স্কদের সঙ্গে যোগাযোগ সীমিত করা হবে।
মেটা জানিয়েছে, আগামী ছয় মাসের মধ্যে এই বিধিনিষেধগুলো পর্যায়ক্রমে কার্যকর করা হবে। তবে বয়স যাচাইকরণ প্রক্রিয়ার পরিবর্তনগুলো বাস্তবায়ন করতে এক বছর পর্যন্ত সময় লাগতে পারে। নতুন নিয়ম অনুযায়ী, কিশোর-কিশোরীরা প্রতিদিন সর্বোচ্চ দুই ঘণ্টা এই অ্যাপগুলো ব্যবহার করতে পারবেন। তবে অভিভাবকেরা চাইলে 'প্যারেন্টাল কন্ট্রোল' ব্যবস্থার মাধ্যমে অতিরিক্ত সময়ের অনুমতি দিতে পারবেন। রাত ১২টা থেকে সকাল ৬টা পর্যন্ত অ্যাপ দুটি ব্যবহার করা যাবে না এবং সকাল ৮টা থেকে বেলা ৩টা পর্যন্ত কোনো নোটিফিকেশন পাঠানো হবে না। দীর্ঘক্ষণ অ্যাপ ব্যবহার করলে ব্যবহারকারীকে সতর্কবার্তা দেখানো হবে।
কন্টেন্ট প্রদর্শনের ক্ষেত্রেও নিয়ন্ত্রণ আনতে যাচ্ছে প্রতিষ্ঠানটি। ব্যবহারকারীর আগ্রহ বা কর্মকাণ্ড বিশ্লেষণ করে বাছাই করা কন্টেন্টের বদলে সাধারণ ফিড দেখানো হবে। এছাড়া কিশোর-কিশোরীদের পোস্টে লাইকের সংখ্যা গোপন রাখা হবে এবং নির্দিষ্ট কিছু ফিল্টারের ব্যবহার সীমিত করা হবে।
পাশাপাশি, ব্যবহারকারীদের সঠিক বয়স যাচাই করার প্রযুক্তি উদ্ভাবনে বড় ধরনের বিনিয়োগের পরিকল্পনা করেছে মেটা। একই সঙ্গে ১৩ বছরের কম বয়সী শিশুদের অ্যাকাউন্ট শনাক্ত করে তা মুছে ফেলার কার্যক্রম আরও জোরদার করা হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।