গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার একটি কলাবাগান থেকে এক শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত হলেন ‘ইউনিক ইন্টারন্যাশনাল স্কুল’-এর সহকারী শিক্ষক আবু সালেম প্রধান (২৮)।
শুক্রবার (২৮ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে সাপগাছি-হাতিয়াদহ এলাকার কলাবাগানের একটি গাছে লুঙ্গি প্যাঁচানো অবস্থায় তার মরদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় গোবিন্দগঞ্জ থানা পুলিশ এবং লাশটি উদ্ধার করে।
তিনি গোবিন্দগঞ্জ উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের মধ্য মীরপাড়া গ্রামের ইসাহাক প্রধানের ছেলে। দীর্ঘদিন ধরে কাটাখালী বালুয়াহাট এলাকার ‘ইউনিক ইন্টারন্যাশনাল স্কুল’-এ সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, লাশ শনাক্ত করেছেন তার চাচাতো ভাই কহিদ মিয়া। ময়নাতদন্তের জন্য লাশ গাইবান্ধা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন আসার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।