চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাস ও তার পরিবারের চার সদস্যকে চট্টগ্রামের পটিয়া এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৮ আগস্ট) ভোরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পুলিশ সূত্র জানায়, তারা নিখোঁজ নন বরং আত্মগোপনে ছিলেন। গত ২২ আগস্ট থেকে তারা অনুপস্থিত ছিলেন।

চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সিসিটিভি ক্যামেরায় ট্রাকে মালামাল তোলার ফুটেজের সূত্র ধরেই স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসকে তার পরিবারসহ উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ। উদ্ধারকালে পিন্টু দাসের সাথে তার স্ত্রী রিমি দাস ও দুই ছেলেও ছিলেন।

পিন্টু দাসের নিখোঁজ হওয়ার পর চাঁদপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। বিষয়টি গণমাধ্যমে ব্যাপক প্রচারিত হওয়ায় জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরবর্তীতে পুলিশি অভিযানের অংশ হিসেবে প্রথমে তার বাসায় প্রবেশ করা হয়। সেখানে ঘরের কোনো মালামাল না থাকায় সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হয়। ফুটেজে দেখা যায়, কয়েকজন শ্রমিক ট্রাকে করে তার ঘরের মালামাল তুলছেন। এই ফুটেজের ভিত্তিতেই অভিযান জোরদার করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান বলেন, অনুসন্ধানের শুরুতে কুমিল্লায় পিন্টু দাসের শ্বশুরবাড়িতে অভিযান চালানো হয়; তবে তিনি সেখানে যাননি। এরপর পিন্টু দাসের এক ভাই রাঙামাটিতে চাকরি করতেন, সেখানেও অভিযান চালানো হয়। কিন্তু সেখানেও তার সন্ধান মেলেনি। পাশাপাশি তার বন্ধুবান্ধবসহ সম্ভাব্য সব স্থানে যোগাযোগ করেও কোনো খোঁজ পাওয়া যায়নি।

পরবর্তীতে মালামাল পরিবহন করা ট্রাকের চালককে শনাক্ত করতে সক্ষম হই। তার দেওয়া তথ্যের ভিত্তিতে ভোরে চট্টগ্রামের পটিয়ায় নিজের গ্রামের বাড়ি থেকে জিডিমূলে পিন্টু দাস ও তার পরিবারকে উদ্ধার করা হয়। তিনি ঠিক কী কারণে আত্মগোপনে গিয়েছিলেন এবং তার বিরুদ্ধে কোনো অভিযোগ বা দেনাপাওনার বিষয় রয়েছে কিনা—সেসব খতিয়ে দেখা হচ্ছে।

এর আগে পিন্টু দাস ও তার পরিবারের সদস্যদের কোথাও না পেয়ে বিষয়টি চাঁদপুর সদর মডেল থানায় সাধারণ ডায়েরিভুক্ত করেছিলেন তার বাড়ির মালিকের ছোট ছেলে রাসেল খান।