বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) কক্সবাজারের সুগন্ধা বিচ পয়েন্টের বালিয়াড়িতে চলমান রাস্তা নির্মাণ কাজ অবিলম্বে বন্ধের দাবি জানিয়েছে। শুক্রবার সকালে রাজধানীর ধানমন্ডির জয়িতা টাওয়ারের সামনে আয়োজিত মানববন্ধনে এ দাবি তোলা হয়।

বাপার সহসভাপতি জাকির হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন বাপার নির্বাহী সদস্য ও নগরবিদ-স্থপতি ইকবাল হাবিব, সাংগঠনিক সম্পাদক মিহির বিশ্বাস, কক্সবাজার জেলা শাখার সভাপতি এম জাফর আলম দিদার, সাধারণ সম্পাদক করিম উল্লাহ কলিম ও বাংলাদেশ যুব ইউনিয়নের সভাপতি আসাদুজ্জামান খান।

বক্তারা বলেন, কক্সবাজারের সমুদ্রসৈকত কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সম্পত্তি নয়; এটি রাষ্ট্রের প্রাকৃতিক সম্পদ এবং ভবিষ্যৎ প্রজন্মের উত্তরাধিকার। অপরিকল্পিত উন্নয়ন, অবৈধ দখল, স্থাপনা নির্মাণ ও বালিয়াড়ি ধ্বংসের কারণে সৈকতের পরিবেশ ইতিমধ্যে হুমকির মুখে পড়েছে। বালিয়াড়ির ওপর রাস্তা নির্মাণ করা হলে তা ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে।

তারা বলেন, বালিয়াড়ি শুধু সৈকতের সৌন্দর্যের অংশ নয়; ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও শক্তিশালী ঢেউ থেকে উপকূলকে রক্ষা করার প্রাকৃতিক প্রতিরক্ষা হিসেবে কাজ করে। একই সঙ্গে এটি কাঁকড়া, কচ্ছপসহ বিভিন্ন সামুদ্রিক প্রাণী ও উদ্ভিদের আবাসস্থল। বালিয়াড়ি কেটে রাস্তা নির্মাণ করলে উপকূলীয় ভাঙন ও জীববৈচিত্র্য ধ্বংসের ঝুঁকি বাড়বে।

মানববন্ধন থেকে সাত দফা দাবি জানানো হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে বালিয়াড়িতে চলমান রাস্তা নির্মাণ বন্ধ, হাইকোর্টের (মামলা নম্বর ২২৬/২০১১) রায় ও নির্দেশনা বাস্তবায়ন, অবৈধ স্থাপনা ও দখল উচ্ছেদ, বালিয়াড়িতে কোনো প্রকল্প নেওয়ার আগে পরিবেশগত প্রভাব মূল্যায়ন ও বিশেষজ্ঞ মতামত বাধ্যতামূলক করা। একই সঙ্গে বালিয়াড়ি ও উপকূলীয় জীববৈচিত্র্য সংরক্ষণ, পরিবেশবিধ্বংসী কর্মকাণ্ডে জড়িত ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা এবং কক্সবাজারে অবৈধভাবে টিলা-পাহাড় কাটা বন্ধের দাবিও জানানো হয়।