ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বিনাউটি ইউনিয়নের খিদিরপুর এলাকায় পুলিশের তাড়া খেয়ে একটি মাইক্রোবাস পুকুরে ডুবে গেছে। এ সময় পানি থেকে নয় বস্তা ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়েছে। তবে গাড়ির চালক ও পাচারকারীরা সাঁতরে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। শুক্রবার (২৮ আগস্ট) ভোরে এ ঘটনা ঘটে।
কসবা থানা সূত্র জানায়, বিপুল পরিমাণ ভারতীয় গাঁজা পাচারের গোপন সংবাদের ভিত্তিতে ভোরে সৈয়দাবাদ-নয়নপুর সড়কে অভিযান চালায় পুলিশ। থামার সংকেত দেওয়ায়ও কালো রঙের মাইক্রোবাসটি থামেনি এবং দ্রুত পালানোর চেষ্টা করে। পুলিশ তাড়া করলে গাড়িটি কসবা-সৈয়দাবাদ সড়ক থেকে আন্দিরপাড়-মনকাশাইর সড়কে প্রবেশ করে। খিদিরপুর গ্রাম অতিক্রম করার সময় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি পুকুরে ঝাঁপিয়ে পড়ে।
দুর্ঘটনার পর গাড়ির ভেতরের চালক ও পাচারকারীরা সাঁতরে পালিয়ে যায়। এ সময় গাড়ি থেকে গাঁজার প্যাকেটগুলো পানিতে ভেসে ওঠে। পুলিশ দ্রুত পুকুর থেকে ভাসমান অবস্থায় নয় বস্তা গাঁজা উদ্ধার করে। এরপর ক্রেন ব্যবহার করে ঢাকা মেট্রো-চ ১৯-০৭৪০ নম্বরের মাইক্রোবাসটি পুকুর থেকে তুলে কসবা থানায় নিয়ে আসে।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মোহাম্মদ রাশেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল এ অভিযান চালায়। পুলিশের ধাওয়া খেয়ে পালানোর সময় মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়। পরে ক্রেনের সাহায্যে গাড়িটি তোলার পাশাপাশি নয় বস্তা গাঁজা জব্দ করা হয়েছে। তিনি আরও জানান, পলাতক পাচারকারীদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।