রাজধানীর শাহ আলী থানা এলাকায় ৬ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সুমন নামের ৩২ বছরের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে তাঁকে তাঁর বাসা থেকে আটক করা হয়।
পুলিশ জানায়, গত বুধবার বিকেলে শাহ আলী থানার রয়েল সিটি পকেট গেটসংলগ্ন এলাকায় শিশুটি ধর্ষণের শিকার হয়। শিশুটির মা তাঁকে চিকিৎসার জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে শিশুটি ধর্ষণের শিকার হয়েছে বলে জানান। পরে উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপকমিশনার মো. আকতার হোসেন শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বুধবার বিকেলে ওই এলাকায় শিশুটি ধর্ষণের শিকার হয়। মা তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বিষয়টি নিশ্চিত করেন। পরে শিশুটির মা বাদী হয়ে শাহ আলী থানায় সুমনের বিরুদ্ধে ধর্ষণের মামলা করেন। রাতে অভিযান চালিয়ে পুলিশ সুমনকে তাঁর বাসা থেকে গ্রেপ্তার করে।