মৌলভীবাজারের বড়লেখা কুমারশাইল সীমান্তে চোরাকারবারিদের গুলিতে বিজিবির টহলদলের সাথে সংঘর্ষ হয়। পাল্টা গুলিতে এক ভারতীয় চোরাকারবারি আহত হয়েছেন। তাকে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও ৫০০ পিস ইয়াবাসহ আটক করা হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেন বিয়ানীবাজার ব্যাটালিয়নের (৫২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আতাউর রহমান।
গোপন সংবাদের ভিত্তিতে ভারতীয় চোরাকারবারি দল বড়লেখার কুমারশাইল সীমান্ত দিয়ে বাংলাদেশে অবৈধ অস্ত্র ও মাদক প্রবেশের চেষ্টা করছে বলে জানা যায়। এই তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে বিজিবির একটি বিশেষ টহলদল কুমারশাইল এলাকায় অভিযান পরিচালনা করে। সন্দেহভাজন চোরাকারবারিদের চ্যালেঞ্জ করলে তারা বিজিবির সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে বিজিবির পাল্টা গুলিবর্ষণে সহযোগীরা পালিয়ে গেলেও ভারতীয় নাগরিক বলাই দাস আহত অবস্থায় আটক হন। তল্লাশি চালিয়ে তার কাছ থেকে উদ্ধার করা হয় একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও ৫০০ পিস ইয়াবা।
লেফটেন্যান্ট কর্নেল আতাউর রহমান বলেন, “আটক বলাই দাস বিজিবির হেফাজতে চিকিৎসাধীন রয়েছেন। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া প্রক্রিয়া চলমান।” তিনি আরও বলেস, “সীমান্ত এলাকায় যেকোনো ধরনের চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবির টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করেছে।”