ঝিনাইদহের কালীগঞ্জে নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা শুক্রবার (২৮ আগস্ট) ভোরে ঝটিকা মিছিল পরিচালনা করেছেন।

ভোরের দিকে শহরের মেইন বাসস্ট্যান্ড এলাকায় ১৫ থেকে ২০ জন নেতাকর্মী জড়ো হয়ে মিছিলটি শুরু করেন। এটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বৈশাখী তেল পাম্পের সামনে এসে শেষ হয়। মিছিলে ঝিনাইদহ জেলা ছাত্রলীগের সহসভাপতি শাহরিয়ার সীমান্ত, সহসম্পাদক মোহাম্মদ তৌফিক ওমর সাব্বির, দপ্তর সম্পাদক শেখ সাদিসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা অংশ নেন। মিছিলকারীরা আওয়ামী লীগের কার্যক্রমের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

ঘটনার পর কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইনচার্জ (ওসি) কবির হোসেন মুক্তকণ্ঠকে বলেন, আমিও ফেসবুকে ভিডিওটি দেখেছি। এটি পুরোনো কোনো ভিডিও কি না, তাও তদন্ত করে দেখা হচ্ছে। তবে ভিডিওটি শুক্রবার ভোরের মিছিলের বলে জানানো হলে ওসি বলেন, কারা এই মিছিল করেছে, পুলিশ বিষয়টি তদন্ত করছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।